মুন্সিগঞ্জে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচন বর্জন
মুন্সিগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দি ইউপি নির্বাচন বর্জন করেছেন বর্তমান চেয়ারম্যান ও ইউপির স্বতন্ত্র প্রার্থী মহসিনা হক। ওই ইউপির নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন। আজ রোববার বেলা দেড়টার দিকে তিনি নিজ বাড়িতে ওই সংবাদ সম্মেলন আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে মোল্লাকান্দি ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মহসিনা হক বলেন, ‘নির্বাচনের প্রচার–প্রচারণার শুরু থেকে নৌকার প্রার্থী রিপন হোসেনের লোকজন আমাদের ওপর হামলা-মামলা করে আসছিলেন। রিপনের লোকজন আমাদের প্রচার–প্রচারণা চালাতে দেয়নি। এরপর ধৈর্য ধরে নির্বাচনের আগের দিন পর্যন্ত ভোটের অপেক্ষায় ছিলাম। শনিবার থেকে আমার এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি-ধমকি দেন নৌকার প্রতীকের প্রার্থীর সমর্থকেরা। তাঁরা আমার এজেন্টদের এলাকাছাড়া করেন। বারবার বিষয়গুলো প্রশাসনকে জানাই। কিন্তু প্রশাসন এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি। আজকে কোনো কেন্দ্রে এজেন্ট দিতে পারিনি। নৌকার লোকজন ভোর থেকে আমার এজেন্টদের বিভিন্নভাবে প্রাণহানির হুমকি দিচ্ছে। ভোর থেকে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ককটেল বিস্ফোরণ করেন। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়৷
মহসিনা হক আরও বলেন, প্রশাসনকে ম্যানেজ করে নৌকা প্রতীকের প্রার্থী রিপন হোসেনের বহিরাগত সন্ত্রাসী বাহিনী প্রতিটি কেন্দ্র নিজেদের দখলে নেয়। এ অবস্থায় কোনোভাবে নির্বাচনে থাকা সম্ভব না। তাই নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। আমি এ ইউনিয়নে পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি।