মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাসের সুপারভাইজার নিহত
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া মহাসড়কে সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় রিপন মিয়া (২২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বাসটির সুপারভাইজার ছিলেন। আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে উপজেলার শ্রীনগর পুরোনো ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় বাসে থাকা নারী, শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
শ্রীনগর ফায়ার স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন প্রথম আলোকে বলেন, মেঘনা পরিবহনের যাত্রীবাহী বাস ঢাকা থেকে মাওয়া ঘাটের দিকে যাচ্ছিল। বাসটি অতিরিক্ত গতিতে যাচ্ছিল। শ্রীনগর উপজেলার পুরোনো ফেরিঘাট এলাকায় এলে বাসটির চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি ঢাকামুখী সিমেন্টবোঝাই ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সুপারভাইজার ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রেজাউল হক বলেন, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় সাতজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তাদের অবস্থা গুরুতর ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।