মুন্সিগঞ্জে ১৯৩ নমুনা পরীক্ষায় ৬১ জনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের ৬ উপজেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৬১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড–১৯–এ আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৯৬ জনে। গত ২৪ ঘণ্টায় জেলায় কোভিডে আক্রান্ত এক নারীর (৫০) মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা এখন ২৯ জন। আজ সোমবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জের সিভিল সার্জন আবুল কালাম আজাদ।

সিভিল সার্জন জানান, ৩, ৪ ও ৫ জুন ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনে (নিপসম) পাঠানো নমুনার মধ্য থেকে সোমবার বিকেলে ১৯৩ জনের প্রতিবেদন পাওয়া যায়। সেখানে ৬১ জনের ফলাফল পজিটিভ জানানো হয়। নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মুন্সিগঞ্জ সদর উপজেলায় ৪৩ জন, টঙ্গিবাড়ী উপজেলায় ৩, সিরাজদিখান উপজেলায় ১, লৌহজং উপজেলায় ৫, শ্রীনগর উপজেলায় ৪ ও গজারিয়া উপজেলায় ৫ জন আছেন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, আজ সোমবার ২৩০ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। এ নিয়ে জেলার মোট ৫ হাজার ৯৩৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৪৩৫ জনের নমুনার ফল পাওয়া গেছে। এ পর্যন্ত সদর উপজেলায় ৫১৩ জন, টঙ্গিবাড়ী উপজেলায় ৭৮, সিরাজদিখান উপজেলায় ১৪৩, শ্রীনগর উপজেলায় ১৩২, লৌহজং উপজেলায় ১১৯ ও গজারিয়া উপজেলায় ১১১ জন কোভিড রোগী পাওয়া গেছে।

সদর উপজেলায় ১৭ জন, টঙ্গিবাড়ী উপজেলায় আজ সোমবার ১ জনসহ ৫ জন, সিরাজদিখান উপজেলায় ২, শ্রীনগর উপজেলায় ১ ও লৌহজং উপজেলায় ৪ জন করোনায় মারা গেছেন।

মুন্সিগঞ্জে সংক্রমিত ব্যক্তিদের মধ্যে ৩০০ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে মুন্সিগঞ্জ সদর উপজেলায় ১২২ জন, সিরাজদিখান উপজেলায় ৫৫, শ্রীনগর উপজেলায় ৪৩, টঙ্গিবাড়ী উপজেলায় ২৮, লৌহজং উপজেলা ২০ ও গজারিয়া উপজেলায় ৩২ জন রয়েছেন।