মুরগির খামারের বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বোগদহ ভেলামারি গ্রামে মুরগির খামারের বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। অভিযোগ উঠেছে, নীতিমালা উপেক্ষা করে গ্রামের ঘনবসতিপূর্ণ এলাকায় খামারটি স্থাপন করা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছে গ্রামবাসী।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর আগে বোগদহ ভেলামারি গ্রামের ওয়াজেদুল ইসলাম গ্রামের ঘনবসতিপূর্ণ এলাকায় ব্রয়লার মুরগির খামার স্থাপন করেন। বর্তমানে খামারে প্রায় আড়াই হাজার মুরগি রয়েছে। মুরগির বিষ্ঠার কারণে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। বিষ্ঠার দুর্গন্ধে খামারের চারদিকে মানুষের বসবাস করা দায় হয়ে পড়েছে। অথচ নীতিমালা অনুযায়ী, একটি মুরগির খামার স্থাপনের জন্য পরিবেশ অধিদপ্তরের অনুমতি ও প্রাণিসম্পদ কার্যালয় থেকে রেজিস্ট্রেশনভুক্ত হতে হবে। ঘনবসতিপূর্ণ এলাকা এবং জনগণের ক্ষতি হয় এমন স্থানে খামার স্থাপন করা যাবে না।
গত বৃহস্পতিবার বোগদহ ভেলামারি গ্রামে গিয়ে দেখা যায়, খামারটির আশপাশে মুরগির বিষ্ঠা ছড়িয়ে–ছিটিয়ে আছে। পানিনিষ্কাশনের ব্যবস্থা নেই। খামারের চারপাশে বসতবাড়ি। এসব বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ পাওয়া যাচ্ছে।
গ্রামের বাসিন্দা আবদুল কুদ্দুস বলেন, ‘আমার বাড়ির পাশেই খামার। বিষ্ঠা থেকে সব সময় দুর্গন্ধ ছড়ায়। আশপাশে বসবাস করা কষ্টসাধ্য হয়ে পড়েছে।’
কলেজছাত্র বুলবুল আহমেদ বলেন, ঘনবসতিপূর্ণ এলাকা থেকে খামারটি সরানোর জন্য গত বছরের ২৪ অক্টোবর ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ দিয়েছিল গ্রামবাসী। তিনি ব্যবস্থা নেননি। পরে ১০ নভেম্বর ইউএনওর কাছে অভিযোগ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। প্রাণিসম্পদ কর্মকর্তা রিয়াজউদ্দিন আহমেদ চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি ইউএনওর কাছে প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদনে বলা হয়েছে, খামারটি স্থাপনে পরিবেশ অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তরের অনুমতি নেওয়া হয়নি। এ ছাড়া আবাসিক এলাকায় অবস্থিত খামারের বর্জ্য অপসারণের ব্যবস্থা নেই। খামারটি স্থাপনের ক্ষেত্রে জাতীয় পোলট্রি উন্নয়ন নীতিমালা-২০০৮ মানা হয়নি।
খামার থেকে কিছুটা দূরে মালিক ওয়াজেদুল ইসলামের বাড়ি। বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। শুক্রবার বিকেলে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তাঁর বড় ভাই ইউপি সদস্য সফিকুল ইসলাম বলেন, খামারটি নিয়মিত পরিষ্কার করা হচ্ছে যাতে দুর্গন্ধ কম ছড়ায়।
কাটাবাড়ি ইউপির চেয়ারম্যান রেজাউল করিম বলেন, উভয় পক্ষকে নিয়ে সালিস করে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে খামারটি অপসারণের কথা বলা হয়েছিল। কিন্তু খামারের মালিক তা মানেননি।
ইউএনও আবদুল হান্নান বলেন, উভয় পক্ষের শুনানি শেষে গত ২৯ মার্চ খামারের মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে তাঁকে খামার সরিয়ে নিতে বলা হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল লতিফ বলেন, নীতিমালা উপেক্ষা করে খামার স্থাপন করা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।