মুরাদ হাসানের নামে জয়পুরহাট আদালতে মামলার আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান
ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান ও ইউটিউবের একটি টকশোর উপস্থাপক মহিউদ্দিন হেলাল নাহিদের নামে জয়পুরহাট আদালতে মামলার আবেদন করা হয়েছে।

আজ সোমবার দুপুরে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন জয়পুরহাট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম ওরফে রাজু। তিনি মামলার আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতের পুলিশ পরিদর্শক আবদুল লতিফ খান বলেন, আদালতে মামলার আবেদন করার বিষয়টি তিনি জেনেছেন। তবে আদালত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি।

মামলার আবেদনে বলা হয়, খালেদা জিয়ার নাতনি ও তারেক রহমানের মেয়ে জাইমা রহমান লন্ডনে আইন পেশায় নিয়োজিত। জাইমা রহমান সম্পর্কে মানহানিকর ও মিথ্যা তথ্যসংবলিত বক্তব্য দিয়েছেন ও তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছেন মামলার ১ নম্বর আসামি মুরাদ হাসান ও ২ নম্বর আসামি মহিউদ্দিন হেলাল।এতে জাইমা রহমান ও বিএনপির প্রতি বিদ্বেষ ও ঘৃণা ছড়ানোর অপরাধ করা হয়েছে।

এ বিষয়ে মামলার আবেদনকারী মোজাহিদুল বলেন, ‘আমি মামলার আবেদন করেছি। আদালত আদেশের জন্য রেখেছেন।’