মুরাদ হাসানের নামে নীলফামারী আদালতে মামলার আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান
ফাইল ছবি

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান ও ইউটিউবে টক শোর উপস্থাপক মহিউদ্দিন হেলাল নাহিদের নামে নীলফামারী আদালতে মামলার আবেদন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নীলফামারীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান বাদী হয়ে মামলাটির আবেদন করেন।

বাদীর আইনজীবী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা বলেন, মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। আজকে কোনো আদেশ দেননি। আগামী রোববার শুনানির দিন ধার্য করেছেন।

মামলার আবেদনে বলা হয়, ১ ডিসেম্বর মুরাদ হাসান একটি অনলাইন সাক্ষাৎকারে জিয়া পরিবার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের নামে কুরুচিপূর্ণ ও নারীবিদ্বেষী বক্তব্য দেন। এ-সংক্রান্ত সাক্ষাৎকারটি গ্রহণ করেন মহিউদ্দিন হেলাল।

মামলার আবেদনের বাদী আসাদুজ্জামান খান অভিযোগ করেন, মুরাদ হাসান সাংবিধানিকভাবে শপথ নিয়ে তাঁর নানাবিধ বক্তব্যের মাধ্যমে সংবিধান লঙ্ঘন করেছেন। তাঁর বক্তব্যে নারী সমাজের প্রতি অবমাননাকর, অপমানজনক ও শাস্তিযোগ্য অপরাধ।

মামলার আবেদনে সাক্ষী হিসেবে আছেন আইনজীবী আবু মোহাম্মদ সোয়েম, আল মাসুদ চৌধুরী, কাজী আখতারুজ্জামান, গোলাম মোস্তফা, আজিম হোসেন ও নুর আসাদুজ্জামান।