মুরাদনগরে ঘুষিতে ব্যবসায়ী নিহত
কুমিল্লার মুরাদনগর উপজেলায় দুই পক্ষের বাগ্বিতণ্ডা ও হাতাহাতির সময় প্রতিপক্ষের ঘুষিতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। দোকানে কেনাবেচা ও ভাড়াটে উচ্ছেদের জেরে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের কলেজ সুপারমার্কেট এলাকায় বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত ওই ব্যবসায়ীর নাম আবুল হাশেম (৭১)। তিনি নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, আবুল হাশেম গত সোমবার কোম্পানীগঞ্জ বাজারের কলেজ সুপারমার্কেটে ১ নম্বর গলির ১২ নম্বর দোকানটি ক্রয় করেন। বুধবার সকালে ওই দোকানের বর্তমান ভাড়াটে সাধন দেবনাথকে আগামী দুই মাসের মধ্যে দোকান ছেড়ে দিতে বলেন হাশেম। ওই দোকান কিনতে ইচ্ছুক আরেক ব্যক্তি মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের আজিম মিয়া। তখন আবুল হাশেমের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন সাধন। এ সময় আজিম মিয়া ও সাধন দেবনাথের পক্ষের লোকজন মিলে আবুল হাশেমকে মারধর শুরু করেন। একপর্যায়ে আজিম মিয়ার লোকজন আবুল হাশেমের বুকে ঘুষি মারেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনার প্রতিবাদে কোম্পানীগঞ্জ বাজারের অন্তত ৫০০ দোকান বন্ধ করে রাখেন ব্যবসায়ীরা। হাশেমের ছেলে ইকবাল হোসেন বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০–১২ জনের বিরুদ্ধে মুরাদনগর থানায় একটি হত্যা মামলা করেন। ইকবাল হোসেন বলেন, ‘আমি বাবা হত্যার বিচার চাই। আজিম মিয়া, সাধন দেবনাথসহ ছয়জনের নাম উল্লেখ করে মামলা করেছি।’
এ বিষয়ে কথা বলার জন্য আজিম মিয়া ও সাধন দেবনাথের মুঠোফোনে কল করলেও তা বন্ধ পাওয়া যায়।
ওই সুপারমার্কেট পরিচালনা কমিটির সভাপতি হেলাল উদ্দিন মজনু বলেন, ‘মার্কেট থেকে ফোন করে ঘটনাটি আমাকে জানানো হয়েছে। আবুল হাশেম আমাদের মার্কেটের একজন পুরোনো ব্যবসায়ী। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত। সব দোকান বন্ধ রেখে শোক পালন করা হচ্ছে।’
মুরাদনগর থানার পরিদর্শক (তদন্ত) নাহিদ আহম্মেদ বলেন, খবর পেয়ে মুরাদনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবুল হাশেমের লাশ উদ্ধার করে। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।