মুরাদনগরে মারা যাওয়া যুবকের করোনা শনাক্ত

জ্বর ও সর্দি নিয়ে কুমিল্লার মুরাদনগর উপজেলার নগরকান্দি গ্রামের এক যুবক (৩২) গত ১১ মে সকালে নিজ বাড়িতে মারা যান। এরপর মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীরা তাঁর নমুনা সংগ্রহ করেন। আজ বুধবার দুপুরে তাঁর নমুনা পরীক্ষার ফল আসে। তাঁর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন ও কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন মো. সাহাদাত হোসেন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। উপজেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা এটাই প্রথম।
ওই যুবকের চিকিৎসায় থাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সিরাজুল ইসলামকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। মৃত ব্যক্তির বাড়ি লকডাউন (অবরুদ্ধ) করা হয়েছে।
এদিকে মুরাদনগর উপজেলায় আজ বুধবার করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ১০ জনের। এর মধ্যে উপজেলার পশ্চিম নবীপুর ইউনিয়নের উত্তর তিরিশ গ্রামের একই পরিবারের পাঁচজন আছেন। ওই বাড়ির আরও তিনজন কোভিড–১৯–এ আক্রান্ত। নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে ৮ জনের বয়স ২৬ থেকে ৩৮–এর মধ্যে। বাকি দুজনের বয়স ৫৭ ও ৬০। এ নিয়ে মুরাদনগর উপজেলায় মোট আক্রান্ত ২৯ জন।
কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন বলেন, কুমিল্লা জেলায় এ পর্যন্ত আক্রান্ত রোগী মোট ১৭১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৯ জন। মারা গেছেন ৯ জন।