মুলাদীতে চাল আত্মসাতের মামলার ৮ দিনেও অভিযুক্ত ইউপি সদস্যকে ধরতে পারেনি পুলিশ
বরিশালের মুলাদী উপজেলায় জেলেদের প্রণোদনার চাল আত্মসাতের অভিযোগে হওয়া মামলায় আজ শুক্রবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলা হওয়ার পর ৮ দিন পার হলেও মূল অভিযুক্ত ইউপি সদস্য মো. রাশেদ ব্যাপারীসহ অন্য আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। এ নিয়ে জেলে ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
একাধিক জেলে ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইউপি সদস্য রাশেদ ব্যাপারী প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়ালেও পুলিশ তাঁকে গ্রেপ্তার করছে না। ফলে এ মামলায় জেলেরা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। এ ছাড়া রাশেদ ব্যাপারী স্থানীয় জেলেদের হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
গত ৩১ মার্চ বিকেলে উপজেলার চরকালেখান ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য রাশেদ ব্যাপারীর বাড়ি থেকে জেলেদের জন্য বরাদ্দ প্রায় ২০ বস্তা চাল উদ্ধার করা হয়। উদ্ধারকারী কর্মকর্তারা রাশেদ ব্যাপারীর বাড়ি থেকে সরকারি বস্তার সঙ্গে মিল থাকা এবং সরকারি সিলমোহর-সংবলিত বস্তা থেকে চাল জব্দ করেন। ওই সময় কর্মকর্তারা জানিয়েছিলেন, এসব চাল সুবিধাভোগী জেলেদের না দিয়ে ইউপি সদস্য কালোবাজারে বিক্রির জন্য নিজের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন।
এ ঘটনায় ওই দিন রাতেই উপজেলা রিসোর্স সেন্টারের সহকারী মো. মিজানুর রহমান বাদী হয়ে মুলাদী থানায় একটি মামলা করেন। মামলায় রাশেদ ব্যাপারীসহ তিনজনকে আসামি করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে চরকালেখান ইউনিয়নের এক জেলে বলেন, ইউপি সদস্য জেলেদের জন্য বরাদ্দ চাল তাঁদের না দিয়ে আত্মসাতের চেষ্টা করেছিলেন। বিষয়টি সবাই জানতে পাওয়ার পর মৎস্য কর্মকর্তা ও থানা-পুলিশকে জানানো হয়। পরে পুলিশসহ উপজেলা মৎস্য কর্মকর্তা ইউপি সদস্যের বাড়ি থেকে চাল উদ্ধার করে মামলা করেন। এখানে সাধারণ জেলেদের কিছুই করার নেই। কিন্তু ওই ইউপি সদস্য এখন জেলেদের এলাকাছাড়া করার হুমকি দিচ্ছেন।
ওই ইউনিয়নের কায়েতমারা গ্রামের একাধিক বাসিন্দা দাবি করেন, অভিযুক্ত ইউপি সদস্য এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। এলাকায় থেকে তিনি জেলেদের নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। এ বিষয়ে পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় ইউপি সদস্য আরও বেপরোয়া হয়ে উঠছেন বলে অভিযোগ করছেন তাঁরা।
এ বিষয়ে জানতে চাইলে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাকসুদুর রহমান বলেন, মামলার পর থেকে ইউপি সদস্য রাশেদ ব্যাপারী পলাতক। তাই এখনো তাঁকে গ্রেপ্তার করা যায়নি। রাশেদ এলাকায় অবস্থান করলে অভিযান চালিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।