মুলাদীতে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
বরিশালের মুলাদী উপজেলায় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামের একটি বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মনির হোসেন হাওলাদার (৩১) চরকমিশনার গ্রামের বাসিন্দা।
নিহত মনিরের ভাই পাভেল হাওলাদার বলেন, মনিরের সঙ্গে কারও কোনো দ্বন্দ্ব ছিল কি না, তা তাঁদের জানা নেই। গতকাল সোমবার রাত ৯টার দিকে মনির তাঁর কাছ থেকে ৫০ টাকা নিয়ে বাড়ির বাইরে যান। এরপর রাতে বাড়ি ফেরেননি। আজ সকালে লোকজনের কাছে শুনে বিলে ভাইয়ের লাশ পড়ে থাকার খবর পান।
মুলাদী থানার পুলিশ জানায়, যুবকের গলা কেটে লাশটি বাড়ির পাশের বিলে ফেলে রাখে দুর্বৃত্তরা। পরে আজ সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান বলেন, কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তে পুলিশ গভীরভাবে তদন্ত করছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।