মুষ্টিচালে ঈদের খরচ চালান নারীরা
প্রতিদিন হাঁড়িতে ভাত চাপানোর আগে ছোট্ট একটা মাটির ভাঁড়ে আলাদা করে একমুঠু চাল সরিয়ে রাখেন গৃহবধূ বিলকিছ বানু। শুধু তিনি নন, গ্রামের অনেক নারী এই রেওয়াজ মেনে চলেন। উদ্দেশ্য, জমানো চাল বিক্রির টাকায় ঈদের খরচ চালানো। ছয় বছর ধরে এভাবেই বগুড়ার শিবগঞ্জ উপজেলার টেপাগাড়ি গ্রামের অনেক নারী ঈদের খরচ চালাচ্ছেন।
কৃষিনির্ভর এই গ্রামের বাসিন্দাদের আয় সীমিত। ঈদুল ফিতরের খরচ চালানো কঠিন হয়ে পড়ত তাঁদের জন্য। তখনই একমুষ্টি চাল রেখে রোজার ঈদের খরচ চালানোর ভাবনার সূত্রপাত। বছর ছয় আগে ওই গ্রামেরই ৪০ জন নারী সিদ্ধান্ত নেন, তাঁরা একজোট হয়ে ঈদে গরু কিনবেন এবং মাংস ভাগাভাগি করে নেবেন। এর পর থেকে প্রতিবছর এভাবেই ঈদে তাঁরা গরু কিনে মাংস ভাগ করে নিচ্ছেন।
গ্রামের নারীরা জানান, শুরুতে তাঁরা চাল বিক্রি করে চাঁদার টাকা সুলতানা রাজিয়ার হাতে তুলে দেন। তিনি ওই টাকায় গরু কিনেন। সেই গরু ঈদুল ফিতরের দিন জবাই করে সবাই মাংস ভাগ করে নেন। নারীরা এ উদ্যোগ নেওয়ায় যেমন ঈদে খরচের চাপ কমে, তেমনি ওই সব নারী নিজেদের উপার্জনের টাকায় গরু জবাই করায় এক অন্য রকম ঈদ-আনন্দে মেতে ওঠে সবাই। ঈদ শেষ হলে পরের দিন থেকেই আবার পরের বছরের প্রস্তুতি নেন তাঁরা।
সুলতানা রাজিয়া বলেন, ‘আমার কাছে সকলে টাকা দেন। আমি এসব নারীর গচ্ছিত টাকা থেকে মাংস কেনার ব্যবস্থা করি।’ নাম প্রকাশে অনিচ্ছুক এক গৃহবধূ বলেন, ‘আমরা সারা বছর অপেক্ষা করি এ দিনের জন্য। এটা এখন আর কোনো ধনী-গরিবের বিষয়ে নেই।’
ওই গ্রামের বাসিন্দা একটি রাজনৈতিক দলের ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক কাজী সাজাহান আলী বলেন, ‘গ্রামের বউ-ঝিরা মিলে এভাবে টাকা জমা করেন। এতে ওই সব নারীর মধ্যে সামাজিক বন্ধন যেমন ভালো থাকে, তেমনি তাঁরা ঈদের দিনে অন্য রকম এক আনন্দ উপভোগ করেন।