মুড়ি বেচে সংসার চালান তাঁরা

* রমজান মাসে এ মুড়ির চাহিদা কয়েক গুণ বেশি থাকায় মুড়ির গ্রামগুলোতে মুড়ি ভাজার ধুম পড়ে গেছে।

* সখীপুরের কালিদাস মন্দিরপাড়া, বেড়বাড়ী, রতনপুর ও কৈয়ামধু গ্রামে দরিদ্র শ্রেণির নারীরা মুড়ি হাতে ভেজে সংসার চালাচ্ছেন।

* হাতে ভাজা মুড়ি উপজেলার চাহিদা মিটিয়ে জেলা শহর টাঙ্গাইল ও রাজধানী ঢাকাতেও রপ্তানি হচ্ছে।

টাঙ্গাইলের সখীপুরে হাতে ভাজা মুড়ি বেচে সংসার চালাচ্ছেন দরিদ্র নারীরা। রোজা সামনে রেখে মুড়ি ভাজার ধুম চলছে। গতকাল উপজেলার কালিদাস গ্রামেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইফতারে মুড়ি নেই—এটা ভাবাই যায় না। আবার সেই মুড়ি যদি হয় হাতে ভাজা, তাহলে তো কথাই নেই। হাতে ভাজা মুড়ির স্বাদই আলাদা। টাঙ্গাইলের সখীপুর উপজেলার কয়েকটি গ্রামে গড়ে উঠেছে হাতে ভাজা মুড়ির কারখানা।

উপজেলার কালিদাস মন্দিরপাড়া, বেড়বাড়ী, রতনপুর ও কৈয়ামধু গ্রামে দরিদ্র শ্রেণির নারীরা মুড়ি হাতে ভেজে সংসার চালাচ্ছেন। এ হাতে ভাজা মুড়ি উপজেলার চাহিদা মিটিয়ে জেলা শহর টাঙ্গাইল ও রাজধানী ঢাকাতেও রপ্তানি হচ্ছে। বিশেষ করে রমজান মাসে এ মুড়ির চাহিদা কয়েক গুণ বেশি থাকায় মুড়ির গ্রামগুলোতে মুড়ি ভাজার ধুম পড়ে গেছে।

উপজেলা সদর থেকে প্রায় আট কিলোমিটার পূর্বে কালিদাস গ্রাম ও দক্ষিণে ১৫ কিলোমিটার দূরে বেড়বাড়ী ও রতনপুর গ্রাম। এ গ্রামগুলোকে সখীপুরের অনেকেই মুড়ির গ্রাম হিসেবে চেনেন। গতকাল শনিবার সকাল আটটার দিকে কালিদাস মন্দিরপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, নিম্ন আয়ের নারীরা কোনো রাসায়নিক পদার্থ ছাড়াই মুড়ি ভাজছেন। এ সময় ওই গ্রামের অঞ্জনা রানীকে চাল ভাজতে দেখা যায়। চালের সঙ্গে লবণের পানি মিশিয়ে দেওয়া হয়। আরেকটি চুলায় বড় একটি হাঁড়িতে বালু গরম করছেন তাঁর মা ষাটোর্ধ্ব জয়শ্রী রানী। একপর্যায়ে চাল ও বালু গরম হলে চাল তুলে বালুর হাঁড়িতে ঢেলে দেওয়া হয়। অঞ্জনা রানী তখন বালুর হাঁড়িটি ঘোরাতে থাকেন। ৩০ সেকেন্ডের ভেতর সেই হাঁড়িতে চাল ফুটে মুড়ি তৈরি হয়।

অঞ্জনা রানী জানান, এক কেজি চালে ৮৫০ গ্রাম মুড়ি হয়। ভোর থেকে বিকেল চারটা পর্যন্ত একতালে মুড়ি ভেজে গেলে এক দিনে প্রায় দুই মণ চালের মুড়ি ভাজা যায়। দিনে দুজনে মিলে ৫০০ থেকে ৬০০ টাকা আয় করা যায়। তবে এখন তেমন পোষে না। অনেক খরচ ও পরিশ্রম হিসেবে আন্দাজে (তেমন লাভ হয় না)।

ওই গ্রামের সুভাষ চন্দ্র সরকার বলেন, ‘আমি গ্রাম থেকে ৮০ টাকা কেজি দরে কিনে নিয়ে সখীপুরে ৮৫ টাকায় বিক্রি করি। সখীপুরের ব্যবসায়ীরা ১১০ টাকা দরে বেচেন। বাজারের কারখানার মুড়িতে ভেজাল আছে শুনেছি, তবে আমাদের হাতে ভাজা মুড়িতে কোনো ভেজাল নেই।’

অঞ্জনা রানীর বাড়ির পূর্ব পাশেই মুড়ির ধান সেদ্ধ করছেন মিনু রানী সরকার নামের একজন মধ্য বয়সী নারী। মিনু রানী তাঁর শাশুড়িকে নিয়ে মুড়ি ভেজে সংসার চালাচ্ছেন। মিনু রানী বলেন, তাঁদের দুই মেয়ে পড়াশোনা করছে। শাশুড়িসহ চারজনের সংসার মুড়ি ভেজেই চালাতে হচ্ছে। ঋণের সাপ্তাহিক কিস্তি তো আছেই।

গত শুক্রবার উপজেলার কৈয়ামধু গ্রামে গিয়ে দেখা যায়, সেই গ্রামে আগের মতো মুড়ি ভাজার কাজ করছে না। অনেকেই পেশা বদল করেছেন। বাজারের পাশেই আলাউদ্দিনের বাড়ি। ওই বাড়িতে স্ত্রী ফাহিমা আক্তারের সঙ্গে আলাউদ্দিন মুড়ি ভাজছেন। স্বামী মুড়ির চাল ভাজছেন আর স্ত্রী বালুর পাতিল গরম করছেন। এভাবে দুজনে মিলেমিশে মুড়ি ভাজার কাজ করছেন। তাঁরাও এ পেশায় নানা হতাশার কথা জানান।

আলাউদ্দিন বলেন, রমজান মাস এলেই হাতে ভাজা মুড়ির চাহিদা বাড়ে। রোজা উপলক্ষে এক সপ্তাহ আগে ১০ মণ মুড়ি টাঙ্গাইল শহরের এক ব্যাপারীর কাছে এবং গত বৃহস্পতিবার ঢাকার কারওয়ান বাজারের এক ব্যবসায়ীর কাছে ১০ মণ মুড়ি বিক্রি করেছেন। ট্রাকে করে ব্যবসায়ীরা গ্রাম থেকে ২০ মণ মুড়ি নিয়ে গেছেন। তাঁর স্ত্রী ফাহিমা আক্তার জানান, দুই মণ চালের মুড়ি ভাজতে এক কেজি লবণ, ৫০০ টাকার লাকড়ি খরচ হয়। তবে যে পরিশ্রম হয়, তাতে টাকায় পোষে না।

কালিদাস গ্রামের গৌর চন্দ্র সরকার বলেন, মুড়ি ভাজায় পরিশ্রম বেশি, লাভ কম।

সখীপুরের মুড়ি ব্যবসায়ী তমিজ উদ্দিন জানান, উপজেলায় বেড়বাড়ী, কালীদাস ও রতনপুর গ্রামে হাতে ভাজা মুড়ির বাড়ি বাড়ি কারখানা গড়ে উঠেছে। এসব গ্রাম থেকে মুড়ি কিনে টাঙ্গাইল, গাজীপুর, ময়মনসিংহ ও ঢাকা শহরের বড় বড় ব্যবসায়ীর গুদামে পাঠিয়ে দেন তিনি।

তমিজ উদ্দিন আরও বলেন, হাতে ভাজা মুড়ির চাহিদা সারা বছর থাকলেও রমজান মাসে এর পাঁচ গুণ চাহিদা বাড়ে। ফলে এ মাসে লাভ হয়।