মৃত ভাইয়ের মুখ দেখার পর বোনেরও মৃত্যু
চাচাতো ভাইবোন ছিলেন তাঁরা দুজন। দুজনই একসঙ্গে বেড়ে উঠেছেন। বোনের বিয়ে হয়ে যাওয়ার পরও সেই সম্পর্কে চিড় ধরেনি। সোমবার রাতে ঘুমের মধ্যে সেই ভাই আকস্মিকভাবে মারা যান। খবর পেয়ে শেষবারের মতো ভাইয়ের মুখ দেখার জন্য ছুটে আসেন বোন। মুখের ওপরে থাকা কাপড় সরিয়ে মৃত ভাইয়ের মুখ দেখার পর চিৎকার দিয়ে অচেতন হয়ে পড়ে বোন। কিছুক্ষণের মধ্যে তিনিও মারা যান। মঙ্গলবার সকালে ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১০ নম্বর শেরপুর ইউনিয়নের পাছরুখী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ওই ব্যক্তির নাম সোহরাব উদ্দিন মণ্ডল (৬৫)। আর মারা যাওয়া তাঁর চাচাতো বোন হলেন সুফিয়া খাতুন (৬২)। সোহরাব উদ্দিন ছিলেন শেরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান।
পরিবার জানায়, সোমবার শেষ রাতের দিকে মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোকে) হয়ে ঘুমের মধ্যেই মারা যান সোহরাব উদ্দিন মণ্ডল। তাঁর আকস্মিক মৃত্যুতে গোটা পরিবার ছিল শোকে আচ্ছন্ন। ভাইয়ের মৃত্যুসংবাদ পেয়ে খুব ভোরে ছুটে আসেন বোন সুফিয়া খাতুন। তিনি মুখ থেকে কাপড় সরিয়ে শেষবারের মতো ভাইয়ের মুখ দেখে একপর্যায়ে চিৎকার দিয়ে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নেওয়ার সময় তিনি মারা যান। বিকেলে তাঁদের জানাজা শেষে দাফন করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, সোহরাব উদ্দিন মণ্ডল দুবার শেরপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচিত হন। গত নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছিলেন। দলমত-নির্বিশেষে সবার কাছে প্রিয় ব্যক্তি ছিলেন তিনি। চেয়ারম্যানের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে তাঁর চাচাতো বোনও মারা গেছেন। পরপর দুটি মৃত্যুর ঘটনায় গ্রামবাসী শোকাহত।
পাশের আচারগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ভাইকে দেখতে এসে বোনেরও মৃত্যু হয়েছে। ঘটনাটি সত্যিই বেদনাদায়ক।