মৃত রোগী করোনা পজিটিভ, চিকিৎসকসহ ৩ জন কোয়ারেন্টিনে

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আসা রোগীকে চিকিৎসা দিয়ে তাঁর নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। পরদিনই বৃহস্পতিবার রোগী মারা গেছেন। আর আজ শুক্রবার পরীক্ষার ফল পজিটিভ আসে। তাই ওই ব্যক্তিকে চিকিৎসা দেওয়ার সময় সরাসরি সংস্পর্শে থাকা তিনজনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
কোয়ারেন্টিনে যাওয়া তিনজন হলেন পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আবদুল মতিন, হাসপাতালের মেডিকেল বিশেষজ্ঞ মশিউর রহমান ও ল্যাব টেকনিশিয়ান আবদুর রশিদ।
গত বুধবার জ্বর ও শারীরিক অসুস্থতা নিয়ে ৭২ বছর বয়সী ওই রোগী পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। করোনার উপসর্গ থাকায় তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়েছে। পরদিন তিনি মারা যান। আজ শুক্রবার তাঁর নমুনার পরীক্ষার ফল পজিটিভ ছিল বলে উল্লেখ করা হয়।
মশিউর রহমান বলেন, যেহেতু চিকিৎসাসেবা দেওয়ার সময় তিনি সরাসরি রোগীর সংস্পর্শে ছিলেন, তাই স্বেচ্ছায় তিনি হোম কোয়ারেন্টিনে চলে গেছেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আবদুল মতিন বলেন, ওই রোগী তাঁর পূর্বপরিচিত। তাই অসুস্থ হয়ে আসার পর তাঁকে তিনি চিকিৎসাসেবা দিয়েছেন। তাই এখন তিনি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে চলে গেছেন।
পটুয়াখালীর সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, যেহেতু হাসপাতালের তত্ত্বাবধায়কসহ তিনজন রোগীর সংস্পর্শে ছিলেন, তাই তিনজনই কোয়ারেন্টিনে চলে গেছেন।