রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চলতি মাসের প্রথম ১০ দিনে করোনা ও করোনার উপসর্গ নিয়ে ১৬০ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৬৪ জন অর্থাৎ ৪০ শতাংশই রাজশাহী জেলার বাসিন্দা। গড়ে প্রতিদিন এই হাসপাতালে ১৬ জন রোগী মারা গেছেন।
হাসপাতালটিতে রাজশাহী ছাড়াও নাটোর, নওগাঁ, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও জয়পুরহাটের রোগীরা চিকিৎসা নিয়ে থাকেন। বিশেষ করে যেসব জেলায় আইসিইউ বা ভেন্টিলেশন নেই, সেসব জেলার সদর হাসপাতালের মুমূর্ষু রোগীদের এই হাসপাতালে পাঠানো হয়।
জেলায় করোনায় এত মানুষের মৃত্যুর হচ্ছে, স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে জেলা করোনা ব্যবস্থাপনা কমিটির সভাপতি রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, করোনা পরিস্থিতি খারাপ হওয়ার কারণে গত ১১ জুন থেকে রাজশাহী মহানগর এলাকায় লকডাউন শুরু হয়। তারপর থেকে সারা দেশের সঙ্গে কঠোর বিধিনিষেধ পালন করা হয়েছে। এখন সরকার থেকে কঠোর বিধিনিষেধ শিথিল করা হয়েছে। আগে বিনোদনকেন্দ্রগুলো বন্ধ ছিল। এখন এগুলো খুলে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এখনো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কেউ স্বাস্থ্যবিধি ভঙ্গ করলে আগের মতোই ভ্রাম্যমাণ আদালতে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে নিজের থেকে সচেতন হওয়ার। এটা জরুরি। তিনি বলেন, প্রতিষ্ঠানকে তার কর্মচারীদের স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে তৎপর থাকতে হবে। মার্কেট পরিচালনা কমিটির লোকদের দায়িত্ব নিতে হবে তাঁদের কর্মচারী এবং খদ্দের যাঁরা আসবেন, তাঁরা যেন স্বাস্থ্যবিধি মেনে আসেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বাড়তি রোগীর চাপ সামাল দিতে কর্তৃপক্ষ করোনা ওয়ার্ডের সংখ্যা বাড়িয়ে ১৪টি করেছে। এতে ৫১৩টি শয্যার ব্যবস্থা করা হয়েছে। এর বিপরীতে ১০ আগস্ট হাসপাতালে রোগী ছিলেন ৩৮০ জন। তাঁদের মধ্যে করোনায় আক্রান্ত ১৯৭ জন, করোনা নেগেটিভ হয়েও নতুন জটিলতায় চিকিৎসাধীন ছিলেন ৬৮ জন এবং করোনার উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন ১১৫ জন। ওই দিন নতুন রোগী ভর্তি ছিলেন ৪৩ জন। করোনা রোগীদের জন্য প্রস্তুত সব ওয়ার্ডেই কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহের ব্যবস্থা রয়েছে। এ ছাড়া ৬৯টি হাই ফ্লো নাজাল ক্যানুলা রয়েছে। ভেন্টিলেশনসহ ২০টি আইসিইউ শয্যা রয়েছে।
চলতি মাসের প্রথম ১০ দিনে এই হাসপাতালের করোনা ওয়ার্ডে মৃত ব্যক্তিদের মধ্যে ৫৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বাকি ১০২ জন করোনা উপসর্গ ও করোনা নেগেটিভ হয়ে মারা গেছেন। এঁদের মধ্যে ৮৮ জন পুরুষ ও ৭২ জন নারী।
হাসপাতাল ছাড়া করোনা ও করোনা উপসর্গ নিয়ে বাসায় অনেক রোগী চিকিৎসা নিচ্ছেন। রাজশাহী সিটি করপোরেশন, রাজশাহী মহানগর পুলিশ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পরিচালিত জামিল ব্রিগেড, আশির দশকের ছাত্রনেতা পরিষদ, রাজশাহী কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অক্সিজেনের জন্য বাসায় থাকা রোগীর ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে বিনা মূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিচ্ছে। ২৪ ঘণ্টা এই সেবা চালু রয়েছে। এ ছাড়া জামিল ব্রিগেড করোনা রোগীদের বিনা মূল্যে হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য তিনটি অ্যাম্বুলেন্স চালু রেখেছে। তারা রাজশাহী মহানগর এলাকাসহ জেলার নিকটবর্তী আটটি ইউনিয়ন ও দুটি পৌরসভায় এই সেবা চালু রেখেছে।
এই ১০ দিনে হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা যাওয়া রোগীদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মোট মৃত রোগীর ৪০ শতাংশই রাজশাহী জেলার বাসিন্দা। মারা গেছেন ১৬০ জন। তাঁদের মধ্যে ৬৪ জনই রাজশাহী জেলার বাসিন্দা। এই ৬৪ জনের মধ্যে আবার ২৮ জন অর্থাৎ ৪৩ দশমিক ৭৫ শতাংশ মৃত রোগীই রাজশাহী মহানগর এলাকার।
যাঁরা মারা যাচ্ছেন, তাঁরা করোনার উপসর্গ ছাড়াও উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট, কিডনি ও পাকস্থলী অকার্যকর হওয়াসহ নানা জটিতায় ভুগছিলেন।
রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এ এফ এম আঞ্জুমান আরা বেগম বলেন, রাজশাহী মহানগরে ভাসমান মানুষসহ প্রায় ১০ লাখ লোক বাস করেন। এলাকাটি উপজেলার চেয়ে অনেক ঘনবসতিপূর্ণ। এ জন্য মহানগরে করোনা সংক্রমণের হার একটু বেশি হতে পারে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার আন্তরিক প্রচেষ্টায় সিটি করপোরেশন এলাকা করোনার প্রথম সংক্রমণের সময় এক মাস করোনামুক্ত রাখা সম্ভব হয়েছিল। এখনো সেই চেষ্টা অব্যাহত রয়েছে। সচেতনতামূলক প্রচারণা চলছে।