মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান না করে অক্সিজেন সিলিন্ডার কিনে দিলেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহানের কাছে তিনটি অক্সিজেন সিলিন্ডার তুলে দেন করোনায় মারা যাওয়া গিরিশচন্দ্র কর্মকারের পরিবারের সদস্যরা। আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বাসিন্দা গিরিশচন্দ্র কর্মকার (৭০) গত বছরের ৫ আগস্ট আজকের দিকে করোনায় মারা যান। আজ বৃহস্পতিবার প্রথম মৃত্যুবার্ষিকীতে অনুষ্ঠান আয়োজনের কথা ছিল তাঁর স্ত্রী-সন্তানদের। চলমান করোনা পরিস্থিতির মধ্যে সেই আয়োজন না করে করোনা রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার কিনে দিয়েছেন তাঁরা।

আজ দুপুরে গিরিশচন্দ্রের স্ত্রী পারুল বালা কর্মকার, বড় ছেলে স্বপন কর্মকার ও ছোট ছেলে কৃষ্ণ কুমার কর্মকার তিনটি অক্সিজেন সিলিন্ডার নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির হন। পরে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহানের কাছে অক্সিজেন সিলিন্ডারগুলো তুলে দেন।

করোনায় মারা যাওয়া গিরিশচন্দ্র কর্মকারের ছোট ছেলে কৃষ্ণ কুমার কর্মকার বলেন, ‘এক বছর আগে এই দিনে আমার বাবা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বাবা ছিলেন উপজেলায় করোনায় মৃত্যুর তালিকায় দ্বিতীয়। ওই সময় আমাদের বাড়ির আশপাশের সখীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মন্দিরপাড়ার কমপক্ষে ১০টি বাড়ি লকডাউন করা হয়। আমরাও ১৪ দিন কোয়ারেন্টিনে ছিলাম। বাবার মৃত্যু উপলক্ষে এক লাখ টাকা স্থানীয় মন্দির ও শ্মশানের উন্নয়নের জন্য দান করেছিলাম। এবার বাবার প্রথম মৃত্যুবার্ষিকীতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ও অক্সিজেনের অভাবে মৃত্যুর হার বাড়ায় মা ও বড় ভাই মিলে ৪৮ হাজার টাকা দিয়ে তিনটি অক্সিজেন সিলিন্ডার কিনেছি। মা চাইছেন আমার বাবার মতো শ্বাসকষ্ট নিয়ে অক্সিজেনের অভাবে আর কেউ যেন মারা না যান।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান বলেন, উপজেলায় বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তি উদ্যোগে কমপক্ষে ২০টি অক্সিজেন সিলিন্ডার পাওয়া গেছে। সখীপুরের মানুষ খুবই মানবিক। তাঁরা যেকোনো ভালো কাজে এগিয়ে আসেন। দুই সপ্তাহ আগে হাসপাতালের নার্সিং সুপারভাইজার খোদেজা খাতুন একটি অক্সিজেন কনসেনট্রেটর কিনে দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী প্রথম আলোকে বলেন, বাবার মৃত্যুবার্ষিকীর খরচ বাঁচিয়ে করোনা রোগীর জন্য হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার কিনে দেওয়ার চিন্তাটা অনেক ভালো। এ ধরনের মানবিক কাজে সবার এগিয়ে আসা উচিত।