মৃত্যুর অনুমতি চাওয়া তিনজনের একজন মারা গেলেন
মেহেরপুরে মৃত্যুর অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করা দুরারোগ্য ডুসিনি মাসকুলার ডিসট্রফি রোগে আক্রান্ত তিনজনের একজন মারা গেছেন। গতকাল শনিবার শহরের বেড়পাড়ায় নিজের বাড়িতে মারা যান সবুর হোসেন (২৪)।
আবদুস সবুরের বাবা তোফাজ্জেল হোসেন বলেন, ‘এপ্রিলে ভারত থেকে চিকিৎসা করিয়ে নিয়ে আসার পর মোটামুটি সুস্থ ছিল সবুর। সপ্তাহখানেক থেকে তার গায়ে খুব জ্বর ছিল। বিছানায় পড়েছিল এ কয়দিন। আজ (শনিবার) বেলা দুইটার দিকে অবস্থার অবনতি হয়। সেবাশুশ্রূষা হচ্ছিল। এর মধ্যে হঠাৎই সে মারা যায়।’
সবুর ১০ বছর বয়সে ডুসিনি মাসকুলার ডিসট্রফি রোগে আক্রান্ত হয়ে পায়ের শক্তি হারিয়ে ফেলেন। বিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়ে যায় তাঁর। কয়েক বছর আগে তিনি শারীরিক ক্ষমতা হারিয়ে শয্যাশায়ী হয়ে পড়েন। সবুর আক্রান্ত হওয়ার কয়েক বছর পর তাঁর ছোট ভাই রায়হানুল ইসলাম (১৩) এবং ভাগনে সৌরভ হোসেনও (৮) একই রোগে আক্রান্ত হয়। তাদের চিকিৎসা করাতে গিয়ে সর্বস্ব হারিয়েছেন তোফাজ্জেল হোসেন।
নিরুপায় হয়ে দুই ছেলে ও নাতির মৃত্যুর অনুমতি চেয়ে গত ১৯ জানুয়ারি মেহেরপুরের জেলা প্রশাসক বরাবর আবেদন করেন তোফাজ্জেল। এরপর দেশি ও বিদেশি গণমাধ্যমে প্রকাশ হয় সংবাদটি। সংবাদ প্রকাশের পর ভারতের মুম্বাইয়ে অবস্থিত নিউরো জেন ব্রেইন অ্যান্ড স্পাইন ইনস্টিটিউট তাঁদের চিকিৎসার ভার বহন করে। এপ্রিলে ওই প্রতিষ্ঠান থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরে পরিবারটি।
গতকাল বাদ আসর জানাজা শেষে সদরের কালাচাঁনপুরের নিজ গ্রামে তাঁকে দফন করা হয় বলে জানান পরিবারের সদস্যরা।
স্থানীয় ব্যক্তিরা বলেন, জেলা প্রশাসনের কাছে আবেদন করার পরও সরকারের পক্ষ থেকে তেমন কোনো সাহায্য পায়নি পরিবারটি।