রাজশাহীর গোদাগাড়ীতে বিষপানে দুই কৃষকের মৃত্যুর ঘটনা তদন্ত করতে কৃষি মন্ত্রণালয়ের তদন্ত কমিটি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছে। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত তদন্ত কমিটির সদস্যরা উপজেলার ঈশ্বরীপুর ও নিমঘটু গ্রামের বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেন।
২১ মার্চ বিষপানে কৃষক অভিনাথ মার্ডি (৩৬) ও তাঁর চাচাতো ভাই রবি মারান্ডির (২৭) মৃত্যু হয়। নিহত কৃষকদের পরিবারের দাবি, তাঁরা সেচের পানি না পেয়ে বিষ পান করে আত্মহত্যা করেছেন। এ ঘটনা তদন্তে গত রোববার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব তাসনিম জেবিন বিনতে শেখ চার সদস্যের একটি তদন্ত কমিটি করে দেন।
কমিটির আহ্বায়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (সার ব্যবস্থাপনা ও মনিটরিং) আবু জুবাইর হোসেন। সদস্য হিসেবে আছেন নাটোর বিএডিসির (ক্ষুদ্র সেচ) নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নওগাঁর নির্বাহী প্রকৌশলী সমশের আলী, জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক। আজ সকাল সাড়ে ১০টার দিকে কমিটির সদস্যরা প্রথমে বিএমডিএর গভীর নলকূপটি পরিদর্শন করেন। পরে তাঁরা দেওপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে বসে কয়েকজনের সাক্ষ্য গ্রহণ করেন।
তদন্ত কমিটির সামনে অভিনাথ মারান্ডির স্ত্রী রোজিনা হেমব্রম আঁচলে মুখ ঢেকে কাঁদতে থাকেন। তিনি তদন্ত কমিটির সঙ্গে কোনো কথা বলতে চান না বলে প্রথমে জানান। পরে বলেন, মৃত্যুর আগে তাঁর স্বামী তাঁকে বলে গেছেন, পানি না পাওয়ায় তিনি বিষ পান করেছেন।
কমিটির কাছে ঘটনার বর্ণনা দিয়ে অভিনাথের ভাইয়ের স্ত্রী পার্বতী সরেন বলেন, সকালে বাড়ির নারীরা আলু তোলার কাজে বের হচ্ছিলেন। তখন রবি ও অভিনাথ তাঁদের জানান, ১০-১২ দিন ঘুরেও তাঁরা পানি পাচ্ছেন না। আজ (২১ মার্চ) তাঁদের জমিতে পানি দেওয়ার কথা আছে। তাঁরা পানি দিতে যাবেন। বিকেলে যখন তাঁরা আলু তুলছিলেন, তখন শোনেন, পানি না দেওয়ায় রবি ও অভিনাথ বিষ পান করেছেন। তিনি বলেন, পানির জন্য কৃষকদের ঘোরান অপারেটর। সে জন্য ক্ষোভে, দুঃখে দুজন বিষ পান করেন।
স্থানীয় ভ্যানচালক বাপ্পী মারান্ডি তদন্ত কমিটির কাছে বলেন, সেদিন তিনি ভ্যান নিয়ে গভীর নলকূপের সামনে দিয়ে আসছিলেন। তখন অপারেটর সাখাওয়াত তাঁকে থামিয়ে বলেন, ‘অভিনাথ বিষ খেয়েছে। তাঁকে বাড়ি নিতে হবে।’ তারপর দুজনে অভিনাথকে ভ্যানে তুলে বাড়ির সামনের রাস্তায় এনে নামিয়ে দেন।
রবি ও অভিনাথের প্রতিবেশী মহেষন মুর্মু বলেন, তাঁর তিন বিঘা জমিতে ধান আছে। শেষবার পানি পেয়েছেন ১২ দিন আগে। তিনি অভিযোগ করেন, পানি দিতে গভীর নলকূপের অপারেটর সাখাওয়াত স্বজনপ্রীতি করতেন। ওই মাঠের অর্ধেক কৃষক ক্ষুদ্র জাতিসত্তার। তাঁদের পানি পরে দেওয়া হতো।
রবি মারান্ডির ভাই সুশীল মারান্ডি জানান, ঘটনার দিন তিনি নাটোরে ছিলেন। মায়ের কাছে শুনেছেন, রবি বিষ পান করে একাই বাড়ি আসেন। তারপর মাকে বলেন, ‘মা, আমি পানি না পাওয়ায় বিষ খেয়েছি। মা, আমি আর বাঁচব না।’
এর আগে চেয়ারম্যানের কক্ষে বসে যখন তদন্ত কমিটি জবানবন্দি নিচ্ছিল, তখন স্থানীয় কয়েকজন দাবি করেন, পানি নিয়ে কোনো সমস্যা নেই। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কৃষকেরা দেশি মদ পান করেন। এ জন্য তাঁদের মৃত্যু হতে পারে। এ ঘটনায় অভিযুক্ত সাখাওয়াতের দোকানের ভাড়াটেকে এমন মন্তব্য করতে দেখা গেছে। জবানবন্দি গ্রহণকালে স্থানীয় কর্মকর্তারাও বারবার দেশি মদের প্রসঙ্গটি তুলছিলেন।
ঠিকমতো পানি না দেওয়ায় সাখাওয়াতের বিরুদ্ধে ২০২০ ও ২০২১ সালে বিএমডিএ কর্তৃপক্ষের কাছে কৃষকেরা লিখিত অভিযোগ করলেও দেওপাড়া ইউপির স্থানীয় ওয়ার্ড সদস্য সোহেল রানা ও সংরক্ষিত নারী আসনের সদস্য হাসমত আরাও জবানবন্দি দেন, এলাকায় কোনো পানির সমস্যা নেই। কোনো কৃষক তাঁদের কাছে অভিযোগ করেননি। তবে দুই কৃষকের জমি দেখে ফেরার সময় হাসমত আরা সোহেলের মোটরসাইকেলে উঠতে বলছিলেন, ‘আমার জমিতেই আমি ১৫ দিন ধরে পানি পাইনি। সে জন্য কি জান দিতে হবে!’
নিমঘটু থেকে ফেরার সময় কৃষি মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রধান আবু জুবাইর হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমাদের তদন্ত এখনো শেষ হয়নি। হাতে সাত দিন সময় আছে। দুজনের মৃত্যুর জন্য কেউ দায়ী হলে অবশ্যই সেটি বেরিয়ে আসবে।’
২১ মার্চ রবি ও অভিনাথ বিষ পান করেন। সেদিনই বাড়িতে অভিনাথের মৃত্যু হয়। দুই দিন পর হাসপাতালে মারা যান রবি। মৃত্যুসনদে বলা হয়েছে বিষক্রিয়ায় রবির মৃত্যু হয়েছে। দুই কৃষকের লাশের ময়নাতদন্ত হলেও প্রতিবেদন এখনো প্রস্তুত হয়নি। তাঁদের মৃত্যুর জন্য গভীর নলকূপ অপারেটর সাখাওয়াতকে দায়ী করে দুই পরিবারের পক্ষ থেকে থানায় দুটি আত্মহত্যার প্ররোচনার মামলা করা হয়েছে। পুলিশ এখনো তাঁকে গ্রেপ্তার করতে পারেনি।