মৃত্যুর কাছে হার মানলেন শিক্ষক রঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রঞ্জিত শর্মা
রঞ্জিত শর্মা

১০ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে হেরে গেলেন পেট্রলবোমার নৃশংসতার শিকার রঞ্জিত শর্মা। গতকাল শুক্রবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কুমিল্লার চান্দিনা উপজেলার বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট-সংলগ্ন কাঠেরপুল এলাকায় ২ জুন যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় দগ্ধ হন রাঙামাটি সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক রঞ্জিত শর্মা (৫৯)। তাঁর বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার সাইরাখালী গ্রামে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
রঞ্জিত শর্মার ভাগনে জহুর লাল শর্মা বলেন, ‘পেট্রলবোমায় শ্বাসনালিসহ মামার (রঞ্জিত) শরীরের ৪৪ শতাংশ পুড়ে গিয়েছিল।চিকিৎসকেরা প্রাণপণ চেষ্টা করেও তাঁকে রক্ষা করতে পারেননি। ভগবান তাঁকে নিয়ে গেছেন।’
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহাদ নিজামী জানান, গতকাল ভোর চারটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রঞ্জিত শর্মা। ২ জুন রাতে ঢাকা থেকে রাঙামাটিগামী ইউনিক পরিবহনের যাত্রীবাহী ওই বাসে দুটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এতে রঞ্জিত শর্মাসহ সাতজন যাত্রী দগ্ধ হন। ওসি আরও জানান, ওই ঘটনায় করা মামলায় বিজিবি, র্যা ব ও পুলিশের যৌথ অভিযানে এ পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আসামিদের প্রায় সবাই জামায়াত-শিবিরের নেতা-কর্মী।
এ নিয়ে চলতি বছরের ৫ জানুয়ারির পর কুমিল্লা জেলায় পেট্রলবোমায় দগ্ধ হয়ে মোট ১০ জন মারা গেলেন। এর মধ্যে গত ২ ফেব্রুয়ারি রাতে চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় যাত্রীবাহী বাসে দগ্ধ হয়ে মারা যান সাতজন। পরে ওই ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন। এ ছাড়া পৃথক ঘটনায় পিকআপভ্যানে পেট্রলবোমায় দগ্ধ হয়ে মারা যান কুমিল্লার বুড়িচং উপজেলার মুক্তিযোদ্ধা মো. ইউসুফ।