মৃত্যুর চাকা থেকে উদ্ধার
নারায়ণগঞ্জ থেকে কমিউটার ট্রেন ছুটছে ঢাকার পথে। চাষাঢ়া রেলস্টেশনে ঢোকার মুখে রেলক্রসিং। ট্রেন আসার সংকেত পেয়ে গেটম্যানরা লোহার প্রতিবন্ধক ফেলে আটকে দিয়েছেন যানবাহন। শেষ মুহূর্তেও লোকজন লোহার প্রতিবন্ধকের নিচ দিয়ে পারাপার হচ্ছে।
ট্রেনটি যখন কয়েক গজ দূরে, তখন এক যুবক দৌড়ে এসে লাইনে শুয়ে পড়লেন আড়াআড়ি। কয়েক সেকেন্ডের মধ্যে তিন টুকরো হয়ে যাবেন ওই যুবকের দেহ। এমন সময় জীবনের ঝুঁকি নিয়ে গেটের দায়িত্বে থাকা একজন এসে অনেকটা ছোঁ মেরে লাইন থেকে সরিয়ে নিলেন ওই যুবককে। মুহূর্তের মধ্যে ট্রেনও পার হয়ে যায় ওই স্থান। উপস্থিত মানুষ তখন বিস্ময়ে হতবাক।
যিনি রেললাইনে দেহ পেতে দিয়ে জীবন শেষ করে দিতে চেয়েছিলেন, তাঁর নাম মোহাম্মদ মামুন। বয়স ৩৪ বছর। বাড়ি নারায়ণগঞ্জের মাসদাইল বাজারের কাছে। আর নিজের জীবনের ঝুঁকি নিয়ে মামুনকে যিনি বাঁচালেন, তাঁর নাম বেলাল হোসেন মজুমদার। তিনি প্রায় ৩৫ বছর ধরে বিভিন্ন রেলক্রসিংয়ে গেটম্যানের দায়িত্ব পালন করছেন।
ঘটনাটি ঘটে ২১ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে। রেলগেট ও স্টেশনের প্ল্যাটফর্ম ক্লোজড সার্কিট টিভি (সিসিটিভি) ক্যামেরার মাধ্যমে মনিটর করা হয়। পরে রেল কর্তৃপক্ষ এ ঘটনার ভিডিও সংগ্রহ করে।

রেলস্টেশনে ঢোকার মুখে ঢাকা-নারায়ণগঞ্জ ব্যস্ত সড়কের ওপর চাষাঢ়া রেলক্রসিং। রেললাইনটি বাঁকা। ক্রসিংয়ের কাছাকাছি না এলে ট্রেন দেখা যায় না।
ভিডিও ফুটেজে দেখা যায়, ট্রেন আসার আগে গেটম্যান সবুজ পতাকা হাতে বাঁশি ফুঁকছেন। একে একে মানুষের পারাপার কমতে থাকে। ট্রেন যখন একেবারে কয়েক হাত দূরে, এমন সময় লুঙ্গি ও শার্ট পরা মোহাম্মদ মামুন দৌড়ে এসে রেললাইনে শুয়ে পড়েন। সবুজ পতাকা হাতে থাকা গেটম্যান বেলাল দৌড়ে আসেন। প্রথমে তিনি পতাকা উঁচিয়ে ট্রেন আটকানোর চেষ্টা করেছিলেন। এই চেষ্টা ব্যর্থ হবে ভেবে মুহূর্তের মধ্যে লাইনে শুয়ে থাকা মামুনের দুই বাহু ধরে টেনে অনেকটা ছিটকে লাইনের বাইরে চলে যান। এক সেকেন্ডের ভগ্নাংশের ব্যবধানে রক্ষা পান দুজনই।
বেলাল মজুমদার গতকাল বুধবার বলেন, মামুনকে তিনি আগে চিনতেন না। কিছুক্ষণ ধরেই যুবকটি দাঁড়িয়ে ছিলেন রেললাইনের পাশে। কেউ লাইনে ঝাঁপ দেবেন, এটা তাঁর ভাবনাতেও আসেনি।
বেলাল মজুমদার আরও বলেন, ‘মামুন রেললাইনে সোজা হয়ে শুয়ে যাওয়ার পর কী করব, বুঝে উঠতে পারছিলাম না। মনে হয় একবার পতাকা তুলেছিলামও। আসলে তখন কী করেছিলাম, কিছুই মনে নাই। তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছি, মানুষটাকে বাঁচাতে হবে।’
বেলাল বলেন, তাঁর বাড়ি চাঁদপুরের কচুয়ায়। ২০০৬ সাল থেকে চাষাঢ়ায় দায়িত্ব পালন করছেন। চাকরি শুরু করেন মাসে ২ হাজার ৪০০ টাকা বেতনে। এখন বেতন ৭ হাজার ৭০০ টাকা।
রেলওয়ে সূত্র জানায়, এ ঘটনার পর মামুনকে চাষাঢ়া রেলস্টেশনে নিয়ে যাওয়া হয়। তখন তিনি কাঁদছিলেন। সেখানে স্টেশনমাস্টারসহ অন্যদের কাছে জানান, তিনি আত্মহত্যার জন্যই লাইনে শুয়ে ছিলেন। পারিবারিক ঝামেলা থেকেই এ সিদ্ধান্ত নেন। দায়িত্বরত স্টেশনমাস্টার মামুনের কাছ থেকে তাঁর বাবার ফোন নম্বর নিয়ে ফোন করেন। তাঁর বাবা জানান, তিনি তখন ঢাকায়। পরে মা এলে মায়ের কাছে মামুনকে বুঝিয়ে দেওয়া হয়।
মামুনের বাবা আবদুল হাকিম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, তাঁর ছেলে নেশায় আসক্ত। মামুনের স্ত্রী ও সাত বছরের এক মেয়ে আছে। আয়-রোজগার নেই। এ জন্য হয়তো পরিবারের সঙ্গে কথা-কাটাকাটি হয়ে থাকতে পারে।
চাষাঢ়া রেলস্টেশনের মাস্টার আমিনুল ইসলাম বলেন, গেটম্যান মারাত্মক ঝুঁকিই নিয়েছেন। কিন্তু একটা জীবন বেঁচেছে। তবে আত্মহত্যা করতে যাওয়া মামুন ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে মনে হয়েছে, তাঁরা হতাশায় ভুগছেন।
এ বিষয়ে আবদুল হাকিম বলেন, তাঁর ছেলেকে যিনি বাঁচিয়েছেন, সেই গেটম্যান যেন দীর্ঘকাল বেঁচে থাকেন, এই দোয়া তাঁর।