মৃত্যুর পর জানা গেল করোনা পজিটিভ
ঈদুল আজহার পর থেকে শেরপুরে করোনার বিস্তার বেড়েই চলেছে। গত ৫ এপ্রিল জেলায় প্রথম দুই নারীর করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের পর সাড়ে চার মাসে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯২ জনে। এর মধ্যে চলতি আগস্ট মাসেই আক্রান্ত হয়েছেন ৮০ জন।
শেরপুরে করোনাভাইরাসে সংক্রমণের উপসর্গ নিয়ে মারা যাওয়া এক নারীর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। ৪২ বছর বয়সী ওই নারীর বাড়ি শেরপুর শহরে। গত সোমবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে তিনি মারা যান। আর গতকাল মঙ্গলবার নমুনা পরীক্ষার ফলাফলে তাঁর করোনা পজিটিভ আসে।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) মো. মোবারক হোসেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। গত রোববার সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ ওই নারীর নমুনা সংগ্রহ করেছিল। তিনি বলেন, ওই নারীর স্বামী ও ছেলের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাঁদের করোনার সংক্রমণ শনাক্ত হলে বাড়িটি লকডাউন করা হবে।
এদিকে জেলার সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফ প্রথম আলোকে বলেন, গতকাল রাতে প্রাপ্ত নমুনা পরীক্ষার ফলাফলে শেরপুর জেলায় আরও সাতজনের সংক্রমণ শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে শেরপুর সদরের ছয়জন ও নালিতাবাড়ী উপজেলার একজন আছেন। সব মিলিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা ৩৯২ জন। এই সময়ে সুস্থ হয়েছেন ৩১১ জন। আর মারা গেছেন ছয়জন।
সিভিল সার্জন আরও বলেন, ঈদুল আজহার পর থেকে শেরপুরে করোনার বিস্তার বেড়েই চলেছে। গত ৫ এপ্রিল জেলায় প্রথম দুই নারীর করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের পর সাড়ে চার মাসে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯২ জনে। এর মধ্যে চলতি আগস্ট মাসেই আক্রান্ত হয়েছেন ৮০ জন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঈদের পর যথাযথভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন না করায় এবং সামাজিক ও পারিবারিক সংস্পর্শের কারণে সংক্রমণ বেড়েছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।
জেলায় শনাক্ত ৩৯২ জনের মধ্যে শেরপুর সদরে ১৮৮ জন, নকলায় ৬৪ জন, নালিতাবাড়ীতে ৭৩ জন, ঝিনাইগাতীতে ৩২ জন ও শ্রীবরদী উপজেলায় ৩৫ জন আছেন।