প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেছেন, মানুষের মৃত্যুর লাইসেন্স দিচ্ছে পৌরসভা। দেশের সড়ক দুর্ঘটনার ৮০ শতাংশ ঘটে ব্যাটারিচালিত ইজিবাইক ও নসিমন-করিমনের মতো যানবাহনের কারণে। এসব দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে আর পৌরসভা এসব অবৈধ যানবাহনকে লাইসেন্স দিয়ে যাচ্ছে।
গত বৃহস্পতিবার দুপুরে ফদিরপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় মন্ত্রী এসব কথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মাহিন্দ্রকে ‘বৈধ যান’ হিসেবে আখ্যায়িত করে মন্ত্রী বলেন, ইজিবাইক বৈধ যান নয়। জেলার জন্য যত বিদ্যুৎ বরাদ্দ পাওয়া যায়, তার আট আনা ইজিবাইক খেয়ে ফেলে।
বর্তমানে সন্ত্রাসীরা ইজিবাইকের মালিক হয়ে নানা ধরনের অপকর্ম করছে মন্তব্য করে খন্দকার মোশাররফ বলেন, অথচ পৌরসভা এসব যানবাহনকে লাইসেন্স দিয়ে বেড়াচ্ছে।
অবিলম্বে অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) আহ্বায়ক করে একটি কমিটি গঠনের আহ্বান জানিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উদ্দেশে মন্ত্রী বলেন, এই কমিটির কাজ হবে পৌরসভা কোন প্রক্রিয়ায় ইজিবাইকের লাইসেন্স দিয়েছে, তা খুঁজে বের করবে।