মৃত্যুশূন্য দিনে বরিশাল বিভাগে করোনা শনাক্তের হার বেড়েছে
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা কমলেও বেড়েছে শনাক্তের হার। তবে এদিন বিভাগে কারও মৃত্যু হয়নি। গতকাল শুক্রবার ছুটির দিন থাকায় বরাবরের মতো নমুনা সংগ্রহ হয়েছে কম। গতকাল সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ১৭৭ জনের নমুনা পরীক্ষায় ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯ দশমিক ২০। এ নিয়ে বিভাগে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৫২ হাজার ২৪২।
আজ দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর ও বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে ৪০৬ জনের নমুনা পরীক্ষায় ৭২ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ১৭ দশমিক ৭৩। এ ছাড়া করোনা উপসর্গে একজনের মৃত্যু হয়েছিল। তিনি বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা যান।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালে সর্বোচ্চ ১৮, ভোলায় ৪, বরগুনায় ৪, পটুয়াখালীতে ৫, পিরোজপুরে ২ ও ঝালকাঠিতে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
গত বছরের ৫ অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বরিশাল বিভাগে করোনা ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ছিল শূন্য। তবে চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ১২ জন মারা যান। এ ছাড়া শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারির শুরু থেকে আজ পর্যন্ত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উপসর্গে ১ হাজার ৩৩ জনের মৃত্যু হলো। তাঁদের মধ্যে ১১ জনের এখনো করোনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া যায়নি। এ ছাড়া বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৮৮ জন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও উপপরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল প্রথম আলোকে বলেন, ফেব্রুয়ারির শুরু থেকেই সংক্রমণের হার ও পরিমাণ কমেছে। তবে শনাক্ত রোগী কমলেও মৃত্যু বাড়ছে। এখন পর্যন্ত বিভাগে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের বেশির ভাগের বয়স ৬০ বছরের ওপরে। তাঁরা সবাই বার্ধক্য ও অন্যান্য অসংক্রামক রোগে ভুগছিলেন। এ ছাড়া তাঁদের বেশির ভাগই করোনার টিকা নেননি। এ জন্য পরিবারের বয়স্ক ব্যক্তিদের সুরক্ষায় আরও যত্নশীল হওয়ার পাশাপাশি কম বয়সীদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলা ও টিকা নেওয়ার পরামর্শ দেন তিনি।