মেঘনা নদী থেকে জেলে অপহরণের পরে মুক্তিপণ দাবি
ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের চরপদ্মা গ্রামের পূর্ব মেঘনা নদীতে মাছ ধরা অবস্থায় মো. রাসেল (৩৫) নামের এক জেলেকে অপহরণ করে নিয়ে গেছে জলদস্যু বাহিনী। পরে মুক্তিপণ দাবি করে তারা। বুধবার দিবাগত রাত তিনটার দিকে অস্ত্রের মুখে তাঁকে অপহরণ করে দস্যুরা।
মদনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাছির উদ্দিন ও সদস্য ফারুক দৌলত জানান, বুধবার দিবাগত রাত তিনটার দিকে মেঘনায় মাছ ধরছিলেন জেলে মো. রাসেল ও তাঁর সহযোগীরা। এ সময় কয়েকজন জলদস্যু অস্ত্রের মুখে রাসেলকে তুলে নিয়ে যায়। সহযোগীদের কাছে মুঠোফোন নম্বর দিয়ে যোগাযোগ করতে বলে তারা। পরে রাসেলের পরিবারের সদস্যদের কল করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে দস্যুরা। তা না হলে তাঁকে হত্যা করা হবে বলে জানানো হয়।
ইউপি সদস্য ফারুক দৌলত ও শাজাহান মাঝি বলেন, চলতি মাসের শুরুর দিকে তুলাতুলি-মতিরহাট নৌপথের যাত্রীবাহী ট্রলার থেকে দুই পানের ব্যাপারীকে অপহরণ করে দস্যুরা। পরে এক লাখ টাকা মুক্তিপণ আদায় করে দুজনকে ছেড়ে দেয় তারা।
ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন বলেন, ১১ নভেম্বর মদনপুর ইউনিয়নের নির্বাচনের পর থেকে মেঘনায় দস্যুর উৎপাত বেড়েছে। মেঘনায় আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যদের টহল বাড়ানো উচিত।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি।