মেঘনার ভাঙন–আতঙ্কে সরাইলের দুই শতাধিক পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেঘনায় বিলীন হচ্ছে বাড়িঘর। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর গ্রামে
ছবি: প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের পাঁচ গ্রামের দুই কিলোমিটার এলাকাজুড়ে এ বছরও মেঘনা নদীর ভাঙন দেখা দিয়েছে। এসব গ্রামের দুই শতাধিক পরিবার এখন ভাঙন–আতঙ্কে।

পানিশ্বর ইউনিয়নের শোলাবাড়ি, পালপাড়া, পানিশ্বর, শাখাইতি ও দেওবাড়িয়া গ্রামের বাসিন্দারা আতঙ্কে সময় পার করছেন। গত চার দশকে অব্যাহত ভাঙনে পানিশ্বর গ্রামের তিন–চতুর্থাংশ মেঘনায় বিলীন হয়েছে। এখন বাকিটুকু বিলীন হওয়ার পথে।

শনিবার সরেজমিনে গিয়ে জানা গেছে, চার বছর ধরে এখানে নদীভাঙন তীব্র হচ্ছে। এর মধ্যে ভাঙনে বিলীন হয়েছে শোলাবাড়ি গ্রামের ৯টি, পানিশ্বর গ্রামের ৩টি ও শাখাইতি গ্রামের ১৪টি চাতাল। সম্পূর্ণভাবে ভিটাছাড়া হয়েছে শতাধিক পরিবার। অর্ধশতাধিক পরিবার আংশিক ভাঙনের শিকার। বেকার হয়েছেন চাতালের কয়েক শ শ্রমিক। কয়েকটি পরিবারকে দেখা গেছে বসতভিটা রক্ষায় নিজ উদ্যোগে বাড়ির পাশে বালুর বস্তা ফেলছেন।

শাখাইতি গ্রামের বাসিন্দা শওকত আলী (৬০) ওসমান গণি (৭০) সাদু মিয়া (৬০) জানান, যেভাবে নদীভাঙন চলছে, তা অব্যাহত থাকলে দ্রুত পানিশ্বর বাজার, পানিশ্বর উচ্চবিদ্যালয়, শাখাইতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পানিতে বিলীন হয়ে যাবে।

পালপাড়া গ্রামের বাসিন্দা দ্বিরেন্দ্র পাল (৯১) প্রথম আলোকে বলেন, ‘পালপাড়া গ্রামের মাঝখানে ছিল বড় একটা দিঘি। ওই দিঘির চারপাশে ছিল চার শতাধিক পাল পরিবারের বসবাস। এখন দিঘির অস্তিত্ব নেই। দিঘির পরও অনেক বসতবাড়ি নদীতে চলে গেছে। এখন পালপাড়া গ্রামে মাত্র ৫০-৬০টি পরিবার আছে। আমাদেরও চলে যাওয়ার সময় হয়ে গেছে। এখানে একটি বাঁধ হলে জন্মভিটা ছাড়তে হতো না।’

পানিশ্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শাখাইতি গ্রামের ইউপি সদস্য সুমন মুন্সি প্রথম আলোকে বলেন, গত ৩–৪ বছরে নদীভাঙনের শিকার হয়ে অন্তত ১০০ পরিবারের বসতবাড়ি বিলীন হয়েছে। ওই পরিবারগুলো গ্রাম ছেড়ে অন্যত্র চলে গেছে। নতুন করে ভাঙনের কারণে কয়েকটি গ্রামের বাসিন্দা সর্বক্ষণ ভীতি আর আতঙ্কে সময় পার করছেন। অনেকে গ্রাম ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

পানিশ্বর ইউপির চেয়ারম্যান দ্বীন ইসলাম মিয়া প্রথম আলোকে বলেন, ‘কয়েক বছর ধরে এখানে নদীভাঙন চলছে। বেশ কয়েকজন চালকলের মালিক নিঃস্ব হয়ে গেছেন। এখনো ভাঙন চলছে। ভাঙন রোধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। গ্রামবাসী নিজেদের উদ্যোগে বালুর বস্তা ফেলে ভাঙন রোধ করার চেষ্টা করছেন। আমাদের সরকারি অন্য কোনো সহায়তার দরকার নেই। গ্রামগুলো রক্ষার জন্য এখানে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানাই।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল হক প্রথম আলোকে বলেন, ‘পানিশ্বর ইউনিয়ন রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণ খুবই জরুরি। তাৎক্ষণিকভাবে কিছু করার জন্য আমি রোববার ওই এলাকা পরিদর্শনে যাব।’

পানি উন্নয়ন বোর্ডের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস প্রথম আলোকে বলেন, পানিশ্বর ইউনিয়নে মেঘনা নদী ভাঙনরোধে সেখানে ৮৮ কোটি টাকা ব্যয়ে বাঁধ নির্মাণের জন্য একটি প্রকল্প প্রস্তার ঢাকায় পাঠানো হয়েছে। আশা করি, আগামী শুষ্ক মৌসুমে সেখানে কাজ শুরু করা যাবে। এ ছাড়া ভাঙন ঠেকাতে সাড়ে ১৩ হাজার বালুর বস্তা ফেলার অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই সেখানে কাজ শুরু হবে।