মেঘনার ভাঙনে বিলীন হচ্ছে বাড়িঘর-বাগান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ার বয়ারচরে মেঘনার ভাঙনে বিলীন হচ্ছে বাড়িঘর ও ঝাউবাগান। ভাঙনের তীব্রতা বেড়ে যাওয়ায় হুমকির মুখে পড়েছে বয়ারচরের পশ্চিমাংশের টাংকির খাল এলাকার বেড়িবাঁধ।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ব্যাপক নদীভাঙনের ফলে বাড়িঘর, ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে। সেই সঙ্গে বিলীন হচ্ছে টাংকির খাল এলাকায় বেড়িবাঁধ সংরক্ষণে বন বিভাগের সামাজিক বনায়নের ঝাউবাগান। অনেক গাছপালা নদীর দিকে হেলে আছে।
বন বিভাগ সূত্র জানায়, ২০১০-১১ সালে নোয়াখালী উপকূলীয় বন বিভাগের উদ্যোগে পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্পের আওতায় বেড়িবাঁধ রক্ষায় বাঁধের বাইরে নদীর তীরবর্তী এলাকায় বনায়ন করা হয়। সেখানে প্রায় ২৯ হাজার গাছ লাগানো হয়।
স্থানীয় বাসিন্দা ও সামাজিক বনায়নের উপকারভোগী নিজাম উদ্দিন বলেন, তিন-চার বছর ধরে নদীর এই অংশে ভাঙনের কারণে ঝাউবাগান হুমকির মুখে পড়েছে। প্রতিদিনই জোয়ারের তোড়ে গাছপালা ভেঙে পড়ছে নদীতে। শুধু তাই নয়, নদীর কাছাকাছি এলাকার অনেক বাড়িঘরও এরই মধ্যে বিলীন হয়ে গেছে। বিভিন্ন এলাকা থেকে নদীভাঙা লোকজন এখানে এসে বসতি গড়ে নতুন করে ভাঙনের কবলে পড়েছে।
হরনী ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রশাসনিক কর্মকর্তা মুশফিকুর রহমান প্রথম আলোকে বলেন, ভাঙনে গত তিন-চার বছরে বয়ারচরের কমপক্ষে ৫০০ পরিবার গৃহহীন হয়েছে। পরিবারগুলোর বেশির ভাগই অন্য এলাকায় নদীভাঙনের পর এখানে এসে বসতি গড়েছিল। তিনি আরও বলেন, ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার কথা পানি উন্নয়ন বোর্ডের। কিন্তু এ বিষয়ে তাদের কোনো তৎপরতা নেই।
বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আমির হোসাইন চৌধুরী বলেন, ভাঙনে এ পর্যন্ত বাগানের প্রায় ৫ হাজার ৭০০ গাছ বিলীন হয়ে গেছে। বাকি গাছগুলোও হুমকির মধ্যে আছে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব মোরশেদ প্রথম আলোকে বলেন, বয়ারচরের নদীভাঙনের বিষয় নিয়ে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় একাধিকবার আলোচনা হয়েছে। এ বিষয়ে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী জাহিদুর রহমান প্রথম আলোকে বলেন, ভাঙন প্রতিরোধে বয়ারচরে তাঁদের কোনো প্রকল্প নেই।