মৎস্য কর্মকর্তার সাক্ষাৎকার
মেঘনায় ইলিশ আসছে কম, এ জন্য বাজারে আকাল
দুই সপ্তাহ ধরে চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার বাজারগুলোতে ইলিশের দেখা মিলছে না তেমন। বাজারে ইলিশের দাম অনেক বেশি। উচ্চ মূল্যের কারণে স্বল্প আয়ের ক্রেতারা ইলিশ কিনতে পারছেন না। বেচাবিক্রি তেমন না হওয়ায় বিক্রেতারাও হতাশ। এসব বিষয় নিয়ে প্রথম আলো কথা বলেছে জেলার মতলব দক্ষিণ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে।
প্রশ্ন :
প্রথম আলো: সম্প্রতি বাজারে ইলিশের এত আকাল কেন?
সাখাওয়াত হোসেন: সাধারণত শীতের শুরু থেকে মেঘনায় পানির চাপ কমতে থাকে। এ সময় বেশির ভাগ ইলিশ সমুদ্রের নোনাপানিতে থাকে। ১৪-১৫ দিন ধরে মেঘনায় পানির চাপ অনেক কম। এ কারণে সেখানে ইলিশ তেমন আসছে না। জেলেদের জালে ধরা পড়ছে না প্রত্যাশিত ইলিশ। এর প্রভাব পড়েছে বাজারেও। সেখানে চলছে ইলিশের আকাল। আমদানি কম হলে ইলিশের দাম বেশি হবে, এটাই স্বাভাবিক।
প্রশ্ন :
প্রথম আলো: বর্ষায় বাজারে এত ইলিশ আসে কেন?
সাখাওয়াত হোসেন: ইলিশ গভীর সমুদ্রের নোনাপানির মাছ। প্রতিবছরের বর্ষায় বিশেষ করে অক্টোবর মাসে ডিম ছাড়ার জন্য ঝাঁকে ঝাঁকে ইলিশ মেঘনার মিঠাপানিতে আসে। এ জন্য বর্ষায় প্রচুর ইলিশ পাওয়া যায়। এ ছাড়া বছরের মার্চ-এপ্রিলেও অভয়াশ্রমের সময় সমুদ্র থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ মেঘনায় ছুটে আসে। এসব কারণে বর্ষাকালে বেশি পরিমাণে ইলিশ ধরা পড়ে। বাজারও সরগরম থাকে ইলিশে।
প্রশ্ন :
প্রথম আলো: আগামী ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মেঘনা-পদ্মায় মাছ ধরার নিষেধাজ্ঞা আসছে। এর আগে বা পরে কী পরিমাণ ইলিশ পাওয়া যাবে?
সাখাওয়াত হোসেন: জাটকা রক্ষায় আগামী মার্চ-এপ্রিল দুই মাস মেঘনা ও পদ্মায় মাছ ধরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ওই দুই মাস প্রশাসন ও মৎস্য বিভাগ অভিযান চালাবে। ওই দুই মাস সময়ে শেওলা ও অন্যান্য খাবার খেতে নদীতে অনেক ইলিশ আসে। নিষেধাজ্ঞার সময় শেষ হলে নদীতে অনেক ইলিশ ধরা পড়বে। ক্রেতারাও তখন কম দামে ইলিশ কিনতে পারবে। তবে ওই নিষেধাজ্ঞা শুরুর আগপর্যন্ত বাজারে প্রত্যাশিত পরিমাণে ইলিশ আসার সম্ভাবনা কম।