মেঘনায় নিখোঁজ শ্রমিক ও ডুবে যাওয়া বাল্কহেড উদ্ধারে অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চরকিশোরগঞ্জ এলাকায় মেঘনা নদীতে লঞ্চের ধাক্কায় ডুবে যাওয়া বাল্কহেড
ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চরকিশোরগঞ্জ এলাকায় মেঘনা নদীতে লঞ্চের ধাক্কায় ডুবে যাওয়া বাল্কহেড ও নিখোঁজ শ্রমিককে উদ্ধারে অভিযান চলছে। আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত নিখোঁজ শ্রমিকের সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে নৌ পুলিশ।

নিখোঁজ শ্রমিকের নাম আবদুল মোতালেব (৫৫)। তিনি ভোলার দৌলতখান উপজেলার বাসিন্দা। মোতালেব বাল্কহেডে শ্রমিকের কাজ করতেন। এর আগে গতকাল বুধবার রাতে ঢাকার সদর ঘাট থেকে যাত্রী বোঝাই করে বরিশালের উদ্দেশে ছেড়ে যাচ্ছিল লঞ্চ সুরভী-৭। চাঁদপুর থেকে ঢাকার ডেমরার দিকে যাচ্ছিল বালুবাহী বাল্কহেডটি। রাত ১১টার দিকে লঞ্চ ও বাল্কহেডটি চরকিশোরগঞ্জ এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছয় শ্রমিকসহ বাল্কহেড ডুবে যায়। তাঁদের মধ্যে পাঁচজন সাঁতরে তীরে ওঠেন। তবে নিখোঁজ হন মোতালেব।

লঞ্চটির সামনের অংশ ফেটে যাওয়ায় অল্পের জন্য লঞ্চের যাত্রীরা রক্ষা পান। পরে ওই লঞ্চের যাত্রা বাতিল করা হলে এমভি কীর্তনখোলা-১০ নামে একটি লঞ্চ ঘটনাস্থলে আসে। কীর্তনখোলা-১০ লঞ্চটি আজ সকাল পৌনে ১০টার দিকে বরিশালে পৌঁছায়।
কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াস বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে প্রথম আলোকে বলেন, গতকাল দুর্ঘটনার পর থেকে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে সম্ভাব্য জায়গাগুলোতে অভিযান চালানো হচ্ছে। উদ্ধার অভিযানে নৌ পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা কাজ করছেন।

বাল্কহেড উদ্ধারের বিষয়ে তিনি বলেন, বিআইডব্লিউটিএকে বিষয়টি জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে দেশি পদ্ধতি (ট্রলার বা অন্য কোনো নৌযান) দিয়ে বাল্কহেড টেনে তোলার চেষ্টা করছে।