উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় মেঘনার বুকে জেগে ওঠা চর সোনারামপুর গ্রামে ভাঙন দেখা দিয়েছে। প্রবল স্রোতে গত দুই দিনে ওই গ্রামের কয়েকটি বসতঘর নদীতে বিলীন হয়ে গেছে। অর্ধেক অংশ ভেঙে চরের শ্মশানটিও বিলীনের পথে। ভাঙন অব্যাহত থাকলে আরও অর্ধশতাধিক বাড়িঘর নদীগর্ভে বিলীন হতে পারে। এমন পরিস্থিতিতে চরম দুশ্চিন্তা ও আতঙ্কে দিন কাটাচ্ছে চরের বাসিন্দারা।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, মেঘনা নদীর পানি বিপৎসীমার ৯০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মেঘনার বিপৎসীমা ৫ দশমিক ৮০ মিটার। বর্তমানে পানির স্তর ৪ দশমিক ৯০ মিটারে আছে।
চর সোনারামপুর গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মেঘনার বুকে জেগে ওঠা গ্রামটিতে পাঁচ হাজারেরও বেশি মানুষের বসবাস। প্রতিবছর বর্ষাকাল এলেই ভাঙনের কবলে পড়ে চরের বাড়িঘর। কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবার পানি বেশি বেড়েছে। ইতিমধ্যে কয়েকটি পরিবারের বসতঘর, রান্নাঘর, শৌচাগার ও নলকূপ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন দেখা দেওয়ায় গ্রামের বাসিন্দাদের মধ্যে চরম উৎকণ্ঠা ও আতঙ্ক বিরাজ করছে। অনেকে ভাঙনাতঙ্কে পরিবার নিয়ে নির্ঘুম রাত কাটাচ্ছেন। এ ছাড়া চরের পূর্ব দিকে আশুগঞ্জ-সিরাজগঞ্জ জাতীয় গ্রিডের বৈদ্যুতিক টাওয়ারটিও ভাঙনের ঝুঁকিতে আছে।
চরের বাসিন্দা দীপক চন্দ্র দাস, মঞ্জু রানী দাস, প্রমোদ চন্দ্র দাস, স্বপন চন্দ্র দাস ও শিপন দাস বলেন, নদীভাঙনের কারণে সামর্থ্যবান অনেক পরিবার চর ছেড়ে অন্য জায়গায় চলে গেছে। প্রতিবছরই ভাঙনের কবলে পড়ে চরটি। কিন্তু এবার উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে চরের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক কাজ করছে। এ ছাড়া চরের বৈদ্যুতিক টাওয়ারের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। চরের একমাত্র শ্মশানের অর্ধেক ভেঙে এখন তা বিলীনের পথে। চর সোনারামপুর গ্রামটি রক্ষায় সরকারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে অনুরোধ জানান তাঁরা।
চর সোনারামপুর গ্রামের বাসিন্দা রেখা রানী দাস প্রথম আলোকে বলেন, ‘আমার রান্নাঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন প্রতিবেশীদের বাড়িতে খাওয়াদাওয়া করছি। প্রতিবছরই ভাঙে। কিন্তু এবার পানি বেশি এসেছে। অসুস্থ ও বৃদ্ধ স্বামীকে নিয়ে কোথায় যাব, কোথায় থাকব, বুঝতে পারছি না।’
আশা বিশ্বাস নামের গ্রামের আরেক বাসিন্দা বলেন, গত দুই দিনে তাঁর বসতঘর, রান্নাঘর, নলকূপ ও শৌচাগার নদীতে চলে গেছে। কিছু জিনিসপত্র রক্ষা করতে পেরেছেন। কিন্তু বর্তমানে যে ঘরটিতে আছেন, সেটিও বিলীন হয়ে যেতে পারে। ঘরটি বিলীনের শঙ্কায় রাতে জেগে থাকছেন তিনি।
পাউবোর ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী মো. মইনুল হোসেন প্রথম আলোকে বলেন, বর্তমানে জেলায় পানি কমছে। পানি কমতে আরও কয়েক দিন সময় লাগবে। আর মেঘনা নদীর পানি বিপৎসীমার ৯০ সেন্টিমিটার নিচে আছে।
আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে পাউবোর বেশ কয়েকবার আলোচনা হয়েছে। পাউবো সেখানে জিও ব্যাগ ফেলার আশ্বাস দিয়েছে। কিন্তু এখন পানির মধ্যে কিছু করা সম্ভব নয়। তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বেশ কয়েকবার চর সোনারামপুর পরিদর্শন করেছেন। যাঁদের ঘর নদীতে বিলীন হয়েছে, তাঁদের ঘরের ব্যবস্থা করে দেওয়া হবে।