মেছো বাঘের শাবক পেয়ে খাঁচায় বন্দী করেন কৃষক, উদ্ধার করে অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্ধার করা মেছো বাঘের শাবকটি জঙ্গলে অবমুক্ত করেন বন বিভাগের কর্মকর্তারা
ছবি: প্রথম আলো

ভুট্টাখেতে মায়ের সঙ্গে একটি মেছো বাঘের শাবককে খেলা করতে দেখেন লিয়াকত আলী নামের এক কৃষক। এরপর তিনি শাবকটিকে ধরে বস্তায় ভরে নিজের বাড়িতে নিয়ে যান। পোষার জন্য খাঁচায় বন্দী করে রাখেন তিনি।

মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। জেলা বন বিভাগের কর্মকর্তারা খবর পেয়ে আজ বৃহস্পতিবার সকালে শাবকটিকে উদ্ধার করে জঙ্গলে অবমুক্ত করেন।

হরিরামপুর গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, লিয়াকত হোসেন ভুট্টাখেতে মেছো বাঘের শাবকটি পান। এরপর তিনি সেটিকে বস্তায় ভরে বাড়িতে পোষার জন্য আনেন। ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয় লোকজন বন বিভাগে খবর দেন। পরে বন বিভাগের কর্মকর্তারা এসে শাবকটিকে উদ্ধার করে নিয়ে যান।

ওই গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, অনেকে বাড়িতে বিড়াল পোষে। লিয়াকত হোসেন মেছো বাঘের শাবকটিকে পোষার জন্য বাড়িতে নিয়ে আসেন। তিনি জানতেন না যে বন্য প্রাণী বাড়িতে পোষা আইনত অপরাধ।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাফর উল্লাহ বলেন, শাবকটির বয়স আনুমানিক দুই বছর। ভুট্টাখেতে মায়ের সঙ্গে খেলা করার সময় এটি লিয়াকতের নজরে আসে। তাড়া করে ধরে বস্তায় ভরে পোষার জন্য বাড়িতে নিয়ে আসেন তিনি। পরে শাবকটিকে উদ্ধার করা হয়।

তিনি বলেন, লিয়াকত নিজের ভুল বুঝতে পারায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা করে শাবকটিকে জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।