মেট্রোরেলের আরও ৪ ইঞ্জিন ও ৮ কোচ নিয়ে জাহাজ মোংলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেট্রোরেলের ইঞ্জিন ও কোচ নিয়ে নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে জাহাজ ‘এমভি এসপিএম ব্যাংকক’।
প্রথম আলো

মেট্রোরেলের আরও চারটি ইঞ্জিন ও আটটি কোচ নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছে জাহাজ এমভি এসপিএম ব্যাংকক। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় মোংলা বন্দরের ৯ নম্বর জেটিতে ভেড়ে জাহাজটি। এ নিয়ে পঞ্চম দফায় জাপান থেকে মেট্রোরেলের ইঞ্জিন ও কোচ দেশে এল।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর জাপানের কোবে বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয় এসপিএম ব্যাংকক। বন্দর ও কাস্টমসের প্রয়োজনীয় কাজ শেষে ইঞ্জিন ও কোচগুলো খালাসের কাজ শুরু হবে বলে জানিয়েছেন জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট। জাহাজে মেট্রোরেলের বেশ কিছু সরঞ্জামাদিও এসেছে।

শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপ কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (জিএম) মো. ওহিদুজ্জামান বলেন, জাহাজ থেকে ইঞ্জিন ও কোচগুলো নামিয়ে পরিবহন বার্জে (নৌযানে) তোলা হবে। এরপর বার্জে করেই নদীপথে ইঞ্জিন ও কোচগুলো ঢাকার উত্তরার দিয়াবাড়ি মেট্রোরেলের ডিপোতে নেওয়া হবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, গত ৩১ মার্চ প্রথম মেট্রোরেলের চারটি কোচ ও দুটি ইঞ্জিন দেশে আসে। এরপর ধারাবাহিকভাবে মোংলা বন্দর দিয়ে মেট্রোরেলের ইঞ্জিন, কোচসহ বিভিন্ন যন্ত্রাংশ আসছে।

এর আগে গত ৫ মে এমভি ওশান গ্রেস জাহাজে দুটি ইঞ্জিন ও চারটি কোচ, ২০ জুলাই এমভি হরিজন-০৯ জাহাজে আটটি বগি ও চারটি ইঞ্জিন এবং ১২ সেপ্টেম্বর চারটি বগি ও দুটি ইঞ্জিন নিয়ে এমভি প্রেসার্স কোরাল মোংলা বন্দরে ভেড়ে।