মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েও দুশ্চিন্তায় সাধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাধনা রানী মাহাতো
ছবি: প্রথম আলো

পরিবারটির অবস্থা নুন আনতে পান্তা ফুরায়। তবে আর্থিক অনটন দমিয়ে রাখতে পারেনি সাধনা রানী মাহাতোকে। স্বপ্ন তাঁর চিকিৎসক হবেন। সেই স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলছেন তিনি। সর্বশেষ ভর্তি পরীক্ষা নামের কঠিন লড়াইয়ে জয়ী হয়ে মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছেন। তবে এমন বহুল প্রত্যাশিত আনন্দের খবরের পর দুশ্চিন্তাও ভর করেছে সাধনা ও তাঁর পরিবারের ওপর। মেডিকেল কলেজে ভর্তির টাকাসহ পড়ালেখার খরচ আসবে কোথা থেকে, সেই দুশ্চিন্তায় দিন কাটছে তাঁদের।

সাধনাদের বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের ধলজান গ্রামে। আজ বৃহস্পতিবার দুপুরে কথা হয় সাধনা ও তাঁর পরিবারের লোকজনের সঙ্গে। সুধীর চন্দ্র মাহাতো ও ভারতী রানী মাহাতোর সংসারে দুই ছেলে আর দুই মেয়ের মধ্যে সাধনা সবার ছোট। বাবা স্থানীয় ইটভাটায় শ্রমিকের কাজ করেন, মা গৃহিণী। সম্বল বলতে বাড়ি আর আবাদি মিলে প্রায় এক বিঘা জমি, দুটি গরু আর কয়েকটি হাঁস–মুরগি।

আর্থিক টানাপোড়েন ও নানা সমস্যার মধ্যেও পড়াশোনায় থেমে যাননি সাধনা। সব স্তরের পাবলিক পরীক্ষায় পেয়েছেন জিপিএ–৫। ধামাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণিতে জিপিএ-৫ ও মেধাবৃত্তি পান সাধনা। তাড়াশ উপজেলার বিষমডাঙা গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও সাধারণ বিভাগে বৃত্তি পান তিনি। একই প্রতিষ্ঠান থেকে এসএসসিতে পান জিপিএ-৫। সাফল্যের এ ধারাবাহিকতা ধরে রাখেন এইচএসসিতেও। উল্লাপাড়া বিজ্ঞান কলেজ থেকে ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় পান জিপিএ-৫।

সাফল্যের ধারাবাহিকতায় টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করেছেন সাধনা। এখন তাঁর সব চিন্তা মেডিকেলে পড়াশোনা চালিয়ে যাওয়ার খরচ জোগানো নিয়ে।

সাধনার পরিবারে বাবা ছাড়া উপার্জনক্ষম বলতে কেউ নেই। বড় বোনের বিয়ে হয়েছে। বড় ভাই সুশান্ত কুমার মাহাতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে বাংলায় স্নাতকোত্তর পাস করে চাকরির চেষ্টায় আছেন। আরেক ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিভাগে প্রথম বর্ষ ফাইনাল পরীক্ষা দিয়েছেন।

সাধনার মা ভারতী রানী মাহাতো বলেন, ‘পরিবারের আশা, মেয়েটি ডাক্তারি পাস করে সবার মুখ উজ্জ্বল করুক। কিন্তু এখন তাঁর ভর্তি ও পড়ালেখার খরচ কীভাবে জুটবে, সেই ভাবনায় আছি।’ একই দুশ্চিন্তার কথা জানিয়ে সাধনার বড় ভাই সুশান্ত কুমার মাহাতো বললেন, সমাজের সামর্থ্যবান মানুষ এগিয়ে এলে তাঁর বোনের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা শেষ হতো।

বিষমডাঙা গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক রবীন্দ্রনাথ মাহাতো বলেন, ‘স্কুল ও কলেজে পড়ার সময় আমরা প্রয়োজনমতো কিছুটা দেখাশোনা করেছি। এখন বড় পরিসরে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলে আশা করি।’ নিমগাছী কলেজের সহকারী অধ্যাপক যোগেন্দ্রনাথ সরকার বলেন, সাধনার মতো অদম্য মেধাবী শিক্ষার্থীর জন্য সহায়তার হাত বাড়িয়ে দেওয়া দরকার।

স্বপ্ন পূরণে সামর্থ্যবানদের সহযোগিতা চাইলেন সাধনাও। আশা প্রকাশ করে তিনি বলেন, ‘আমার স্বপ্ন পূরণে কেউ না কেউ এগিয়ে আসবেনই।’