মেডিকেল টেকনোলজিস্ট সাইফুল হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মো. সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে রাজধানী ঢাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) মেডিকেল টেকনোলজিস্টরা আইইডিসিআরের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন। তাদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মানববন্ধন বক্তারা বলেন, গত মঙ্গলবার হবিগঞ্জ সদর হাসপাতালের কোভিড-১৯ রোগীদের নমুনা সংগ্রহ করে বাসায় ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত সাইফুলের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তাঁর মৃত্যু হয়। ঘটনার ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। আগামী দুই দিনের মধ্যে আসামিরা গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেওয়া হয় মানববন্ধন থেকে।
বক্তারা সাইফুলের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান।
একই সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি ঢাকার ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) আহমেদুল কবির স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন। তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সাইফুলের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও ন্যায়বিচার নিশ্চিতে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
আইএইচটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবেশে ঢাকা আইএইচটির শিক্ষক আক্তার হোসেন, জাহিদুল ইসলাম শাহিন, ছাত্রনেতা সাগর আহমেদ শামিম, রায়হান রেজা, আপন ইসলাম, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট আবদুল করিমসহ অন্যরা বক্তব্য দেন।