মেডিকেল রিপোর্ট পেলেই অভিযোগপত্র, পুলিশের তদন্তে আস্থা নেই বাদীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণ
প্রতীকী ছবি

কক্সবাজার সৈকতে বেড়াতে আসা নারীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনার ৫১ দিন পার হলেও তদন্ত শেষ করতে পারেনি তদন্তকারী সংস্থা ট্যুরিস্ট পুলিশ। ট্যুরিস্ট পুলিশ বলছে, তদন্তকাজ প্রায় শেষ পর্যায়ে। মেডিকেল রিপোর্ট হাতে পেলেই তাঁরা আদালতে অভিযোগপত্র জমা দেবেন।

তবে পুলিশের তদন্তে আস্থা করতে পারছেন না মামলার বাদী ও ধর্ষণের শিকার ওই নারীর স্বামী। তিনি প্রথম আলোকে বলেন, ‘ট্যুরিস্ট পুলিশ তো আমাদের চরিত্র হরণে ব্যস্ত। তাদের (পুলিশ) চোখে তিনি ও তাঁর স্ত্রী পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ। আর আসামিরা সবাই ধোয়া তুলসি পাতা। পুলিশ আদালতে অভিযোগপত্র দিলে সেখানে কী লেখা হয়েছে, সেটা দেখে তিনি প্রয়োজনে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন।’

এদিকে গত ৩ জানুয়ারি দলবদ্ধ ধর্ষণের অভিযোগের বিচারিক অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবদুল্লাহ আল হারুন ভূঁইয়া আবেদনকারী ওই নারীর স্বামীর পক্ষে রিটটি করেন। আবদুল্লাহ আল হারুন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ঘটনাটি পুলিশ তদন্ত করছে। তবে ঘটনা নিয়ে বিভিন্ন সংস্থা যে বক্তব্য দিয়েছে, তাতে গরমিল আছে। তাই প্রকৃত কারণ উদ্‌ঘাটনে বিচারিক অনুসন্ধান চেয়ে রিটটি করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ২২ ডিসেম্বর বিকেলে স্বামী ও ৮ মাসের শিশুকে নিয়ে কক্সবাজারের সৈকতের লাবনী পয়েন্টে নামেন ওই নারী। এ সময় বালুচর দিয়ে হেঁটে পানির দিকে নামার সময় তাঁর স্বামীর সঙ্গে আশিক নামের এক যুবকের ধাক্কা লাগে। এর জেরে সন্ধ্যায় ওই নারীকে তুলে নিয়ে প্রথমে একটি ঝুপড়ি চায়ের দোকানে এবং পরে কলাতলীর জিয়া গেস্ট ইন হোটেলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করেন আশিকের নেতৃত্বে কয়েকজন।

ঘটনার পরদিন ২৩ ডিসেম্বর রাতে ওই নারীর স্বামী বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মো. আশিক (২৮), মো. বাবু (২৫), ইসরাফিল হুদা ( ২৮) ও রিয়াজ উদ্দিন প্রকাশ (৩০), অজ্ঞাতনামা তিনজনসহ মোট ৭ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

২৪ ডিসেম্বর কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দেন ওই নারী। এরপর টানা চার দিন স্বামী-সন্তানসহ ওই নারী ট্যুরিস্ট পুলিশের হেফাজতে ছিলেন। ২৭ ডিসেম্বর সকালে ট্যুরিস্ট পুলিশের সহযোগিতায় ওই নারী তাঁর স্বামী ও সন্তান নিয়ে ঢাকার যাত্রাবাড়ির বাসায় আসেন।

ঢাকায় আসার পর ওই নারী মুঠোফোনে প্রথম আলোকে বলেছিলেন, স্বামী-সন্তানের নিরাপত্তার কথা ভেবে শেখানো বুলিতে ২২ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন। এই জবানবন্দি দিতে তখন স্বামীও তাঁকে চাপ দেন।

ওই নারীর স্বামী তখন বলেছিলেন, নানা চাপের মধ্যে তাঁর স্ত্রীকে উল্টাপাল্টা বক্তব্য দিতে হয়েছে। জীবনের নিরাপত্তার কথা ভেবে কক্সবাজার আদালতে মিথ্যা জবানবন্দিও দিতে হয়েছে।
আসামিদের ডিএনএ টেস্ট হচ্ছে না, দায় নিতেও নারাজ।

ঘটনার পর দ্রুত সময়ের মধ্যে মামলার সব আসামিকে গ্রেপ্তার করছে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর আসামিদের দুই থেকে পাঁচ দিন করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদও করে তদন্তকারী সংস্থা। তবে এখন পর্যন্ত এ মামলায় গ্রেপ্তার সাত আসামির কেউ অপরাধ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। পুলিশের রিমান্ডেও সংঘবদ্ধ ধর্ষণের বিষয়ে আসামিরা একেকজন একেক ধরনের বক্তব্য দিয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন
কক্সবাজারে নারী পর্যটককে ধর্ষণ মামলার আসামি আশিকুল ইসলাম আশিক (বাঁয়ে), ইস্রাফিল খুদা জয় (মাঝে) এবং মেহেদী হাসান বাবু (ডানে)
ছবি: সংগৃহীত

আসামিদের এখনো ডিএনএ টেস্টে হয়নি। ডিএনএ টেস্টের বিষয়ে নির্দেশনা চেয়ে এখন পর্যন্ত আদালতে কেউ আবেদনও করেননি। ফলে এ ঘটনা নিয়ে এখনো ধোঁয়াশা কাটছে না। আসামিরা এখন কক্সবাজার জেলা কারাগারে আছেন।

এদিকে মামলার দুই আসামি হোটেল জিয়া গেস্ট ইনের ম্যানেজার রিয়াজ উদ্দিন ও অপর আসামি মামুনুর রশীদ জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেছেন। ২৬ জানুয়ারি জামিন আবেদনের শুনানির দিন ছিল। তবে ওই দিন শুনানি হয়নি।

এ বিষয়ে জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. আব্বাস উদ্দিন বলেন, সিনহা হত্যা মামলার রায় নিয়ে বিচারক ব্যস্ত ছিলেন, তাই ওই দিন শুনানি হয়নি। শুনানির জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করা হবে।

কক্সবাজার সদর আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) ইন্দ্রজিৎ সেন বলেন, মামলার সাত আসামির সবাই কারাগারে আছেন। মামলার পরবর্তী তারিখ আগামী ২৭ এপ্রিল। এদিকে মেডিকেল প্রতিবেদনের জন্য মামলার তদন্ত কর্মকর্তা আদালতে আবেদন করেছেন। তবে আজ শুক্রবার দুপুর পর্যন্ত আদালতে মেডিকেল রিপোর্ট জমা হয়নি।

ধর্ষণের অভিযোগে হওয়া মামলার তদন্ত কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়ে ছুটিতে থাকায় তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন বলেন, আসামিদের কেউ দলবদ্ধ ধর্ষণের কথা স্বীকার করেননি। আবার মামলার এজাহারের সঙ্গে ঘটনার মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। তদন্ত এখন শেষ পর্যায়ে। পুলিশ এখন মেডিকেল রিপোর্টের জন্য অপেক্ষা করছে। সেটা হাতে এলেই আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হবে।

আদালতে আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ না করা ও ডিএনএ টেস্টের বিষয়ে জানতে চাইলে মহিউদ্দিন বলেন, আশিক ছাড়া বাকি ছয় আসামি ডিএনএ টেস্ট করানোর জন্য স্বপ্রণোদিত হয়ে দাবি জানাচ্ছেন। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।