মেডিকেল শিক্ষার্থীদের সনদ আটকে রাখার অভিযোগ
রাজশাহীর বেসরকারি শাহমখদুম মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সনদ ও নম্বরপত্র আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। সনদ, নম্বরপত্র ও টিউশন ফি ফেরত দেওয়ার দাবিতে গতকাল রোববার সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা কলেজ ভবনে অবস্থান কর্মসূচি পালন করছেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী বলেন, কলেজটিতে ভর্তির সময় এসএসসি ও এইচএসসির সনদ এবং নম্বরপত্র জমা দিয়েছিলেন তাঁরা। এখন মাইগ্রেশন (স্থানান্তর) করে প্রতিষ্ঠান পরিবর্তন করলেও শাহমখদুম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সনদ-নম্বরপত্র ও তাঁদের কাছ থেকে নেওয়া টিউশন ফি ফেরত দিচ্ছে না।
সনদ ও নম্বরপত্র নিতে আসা শিক্ষার্থী নিশাত ইসলাম বলেন, তাঁরা মাইগ্রেশন করে ইতিমধ্যে বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন। কিন্তু সনদ ও নম্বরপত্র জমা দিতে পারেননি। এখান থেকে সনদ ও নম্বরপত্র ফেরত না দেওয়া পর্যন্ত তাঁরা উঠবেন না।
কলেজ সূত্রে জানা গেছে, রাজশাহী নগরের চন্দ্রিমা থানাধীন খড়খড়ি বাইপাস এলাকায় কলেজটির অবস্থিত বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অনুমোদনহীন এই মেডিকেল কলেজে কয়েক দফায় ২২৫ শিক্ষার্থী ভর্তি করা হয়। গত ২ নভেম্বর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠানটি বন্ধের নির্দেশ দেয়। একই সঙ্গে শিক্ষার্থীদের অন্য কোনো মেডিকেল কলেজে স্থানান্তর করে দিতে বলা হয়। তখন কলেজ কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের কাছে আবেদন জানায়।
এরপর ২৮ নভেম্বর মন্ত্রণালয়ের একটি দল প্রতিষ্ঠানটি পরিদর্শনে আসার কথা জানায়। তবে এর দুদিন আগে ২৬ নভেম্বর শিক্ষার্থীরা ছাত্রাবাসে ঢুকতে চাইলে বাধা দেওয়া হয়। সেদিন শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাও ঘটে। এতে অন্তত ১২ শিক্ষার্থী আহত হন। এ নিয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে থানায় মামলা হয়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক পরিচালক মনিরুজ্জামান স্বাধীন এ মামলায় আদালত থেকে জামিনে রয়েছেন।
এ বিষয়ে কথা বলার জন্য বিকেল থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত শাহমখদুম মেডিকেল কলেজের ব্যবস্থাপক পরিচালক মনিরুজ্জামানের মুঠোফোনে বেশ কয়েকবার ফোন দেওয়া হলেও তা বন্ধ পাওয়া যায়।
নগরের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুম মনির বলেন, শিক্ষার্থীরা সকাল থেকে শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন। কোনো ধরনের ঝামেলা হয়নি। কলেজ কর্তৃপক্ষের কাউকে তাঁরা এখন পর্যন্ত কলেজে পাননি। শিক্ষার্থীরা যদি রাতভরও সেখানে অবস্থান করেন, তবে ওই সময়েও তাঁরা তাঁদের নিরাপত্তা দেবেন।