মেরামতকাজে বন্ধ নাটোর-পাবনা মহাসড়ক, যানজট
নাটোরের বড়াইগ্রাম উপজেলা ও পাবনার ঈশ্বরদী উপজেলার সংযোগস্থল মুলাডুলিতে রেলক্রসিংয়ের মেরামতকাজের জন্য নাটোর-পাবনা মহাসড়কে গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ আছে। এতে এ সড়কে শত শত যানবাহন, বিশেষ করে পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। অন্যান্য যানবাহন আশপাশের ছোট রাস্তা দিয়ে ঘুরে চলাচল করছে।
বনপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়, গতকাল রাতে মুলাডুলি রেলক্রসিংয়ের সংস্কারকাজ শুরু হলে নাটোর-পাবনা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রেলক্রসিং বন্ধ থাকায় আজ সকাল পর্যন্ত শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়ে। এতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। ছোট ছোট যানবাহন ও পিকআপ ভ্যান বনপাড়া-লালপুর সড়কসহ আশপাশের বিকল্প সড়কে চলাচল করছে। তবে পণ্যবাহী ট্রাকগুলো দীর্ঘ সময় ধরে থেমে আছে।
প্রত্যক্ষদর্শী বনপাড়ার আবদুল কাদের বলেন, গতকাল রাত থেকে নাটোর-পাবনা মহাসড়ক বন্ধ থাকায় বনপাড়া থেকে পাবনা, কুষ্টিয়া ও যশোর জেলার মধ্যে যানবাহন চলাচল বন্ধ আছে। যানবাহনের জটে স্থানীয় লোকজনও সড়কটি ব্যবহার করতে পারছেন না। কদিমচিলানের বাসিন্দা খোরশেদ আলী আজ সকাল সাড়ে আটটায় বলেন, তিনি প্রতিদিন এ সড়ক হয়ে বনপাড়ার নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে মালামালসহ যাতায়াত করেন। কিন্তু সকালে সড়কে এসে আটকে আছেন।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, সারা রাত সড়কটি বন্ধ থাকায় যানজটের সৃষ্টি হয়েছে। মুলাডুলি রেলক্রসিং মেরামত চলছে। খুব তাড়াতাড়ি সড়কটি ছেড়ে দেওয়া হবে।