মেরিন ড্রাইভ সড়কের কালভার্টের নিচ থেকে লাশ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের একটি কালভার্টের নিচ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওই ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। তাঁর আনুমানিক বয়স ৪৫ বছর। তাঁর পরনে হালকা গোলাপি রঙের লুঙ্গি ও সাদা পাঞ্জাবি ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে স্থানীয় লোকজন কালভার্টের নিচে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। লাশের নিচে এক হাত লম্বা একটি রশি ও গাছের ছোট একটি ডাল পাওয়া গেছে।

বাহারছড়া পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক নূর মোহাম্মদ জানান, লাশের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন না থাকলেও নাক দিয়ে রক্ত ঝরছিল। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় পরিকল্পিতভাবে ওই ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করে লাশটি ফেলে গেছে দুর্বৃত্তরা। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।