মেলার মাঠে নেই স্টল, বসছে লটারির আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সুন্দরগঞ্জ আবদুল মজিদ সরকারি বালক বিদ্যালয় মাঠে আয়োজিত মেলার চলছে র‌্যাফল ড্র
ছবি: প্রথম আলো

জমকালো মঞ্চে চোখ বাঁধা এক শিশু। শব্দযন্ত্রে উচ্চারিত হচ্ছে ‘উঠাও বাচ্চা’। তারপর শিশুটি তার সামনে রাখা টিকিটের একটি অংশ তুলছে। টিকিটের নম্বরের সঙ্গে দর্শকের টিকিটের অংশের নম্বর মিললে দেওয়া হচ্ছে পুরস্কার। পুরস্কারের তালিকায় রয়েছে মোটরসাইকেল, বাইসাইকেল, টেলিভিশন, ফ্রিজ ও মুঠোফোন সেট।

এভাবে দুই সপ্তাহ ধরে সুন্দরগঞ্জ আবদুল মজিদ সরকারি বালক বিদ্যালয় মাঠে শিল্প মেলায় চলছে লটারি বা র‌্যাফেল ড্র। পুরস্কারের আশায় শিক্ষার্থীরাও লটারিতে অংশ নিচ্ছে। এদিকে মেলার মাঠে রয়েছে হাতে গোনা ছয়-সাতটি স্টল।

সুন্দরগঞ্জ উপজেলা শহরের উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ইউনিটের উদ্যোগে মাসব্যাপী এই ‘বীর মুক্তিযোদ্ধা হস্ত কুটির শিল্প ও পণ্য’ মেলার আয়োজন করা হয়। গত ২৩ মে মাসব্যাপী মেলার উদ্বোধন করেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহবায়ক আফরুজা বারী। উদ্বোধনের চার দিন পর থেকে র‌্যাফেল ড্র শুরু হয়।

সরেজমিনে দেখা গেছে, দৃষ্টিনন্দন প্রধান ফটক পেরিয়ে মাঠে বিশাল প্যান্ডেল। প্যান্ডেলের ভেতরে জমকালো মঞ্চ। এ মঞ্চে চলে র‌্যাফেল ড্র। এদিকে মেলায় ছয়-সাতটি স্টল। স্টলের সামনে নেই ভিড়। আছে কয়েকটি ফুচকা ও চটপটির দোকান। কয়েকটি রাইড থাকলেও সেগুলোতে ৩০ থেকে ৫০ টাকা ফি নেওয়া হচ্ছে।

উপজেলা শহরের বিভিন্ন স্থানে মাইকিং করে এবং বিদ্যালয় চত্বরে মেলার টিকিট বিক্রি হচ্ছে। মেলার আয়োজকেরা বলেন, উপজেলার বিভিন্ন স্থানে টিকিট বিক্রির ৬৪টি বুথ বসানো হয়েছে। প্রতিটি টিকিটের দাম ২০ টাকা। টিকিটের চারটি অংশ। চারটি অংশের মধ্যে একটি অংশ মেলা কর্তৃপক্ষের জন্য, একটি দর্শক, একটি র‌্যাফেল ড্রর বাক্সে ফেলার জন্য এবং আরেকটি প্রবেশের (গেট পাস) জন্য ব্যবহৃত হচ্ছে। দিনে টিকিট বিক্রি চলে। রাতে বিদ্যালয় মাঠে তৈরি মঞ্চে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

উপজেলা শহরের মিরগঞ্জ বাজারের এক ব্যবসায়ী বলেন, পুরস্কারের আশায় অনেকে ২০ থেকে ১০০টি পর্যন্ত টিকিট কিনছেন।

আবদুল মজিদ বিদ্যালয়ের কয়েক শিক্ষার্থী জানায়, তারা টিফিনের টাকা বাঁচিয়ে মেলার টিকিট কিনছে। এক শিক্ষক বলেন, ষষ্ঠ থেকে দশম শ্রেণির অর্ধবার্ষিক ও প্রাক্‌–নির্বাচনী পরীক্ষা শুরু হয়েছে। এসএসসি পরীক্ষা ১৯ জুন থেকে। এই বাস্তবতায় বিদ্যালয় মাঠে এসব চালিয়ে লেখাপড়ার ক্ষতি হচ্ছে।

মেলা পরিচালনাকারী প্রতিষ্ঠান জেবি ট্রেড ইন্টারন্যাশনালের মালিক জাহাঙ্গীর হোসাইন বলেন, তাঁদের মেলার অনুমতি আছে। তবে র‌্যাফেল ড্রর অনুমতি নেই। প্রশাসন বাধা দিলে তা বন্ধ করা হবে।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ইউনিটের প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল-মারুফ বলেন, যাঁকে মেলার দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি প্রবেশ মূল্য ২০ টাকার বিপরীতে র‌্যাফেল ড্র করছেন। কোনোভাবেই লটারি করতে দেওয়া হবে না। মেলায় এ পর্যন্ত পাঁচটি স্টল বসেছে। আরও বসবে।

জেলা প্রশাসক মো. অলিউর রহমান বলেন, মেলায় লটারি বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে।