মেলেনি লাশ মেলেনি সহায়তা
সাভারে রানা প্লাজা ধসে নিখোঁজ জামালপুরের নুসরাত জাহান রুনার পাঁচ বছর বয়সী মেয়ে নাউফি এখনো ঘুমের ঘোরে মা-মা বলে চিৎকার করে ওঠে। মায়ের কথা জিজ্ঞেস করলে বলে, ‘মা অফিসে।’
গতকাল বৃহস্পতিবার সকালে রুনার মা নুরুন্নাহার বেগম তাঁর নাতি নাউফির ওই কথাগুলো বলতেই কান্নায় ভেঙে পড়েন। একই অবস্থা ওই গ্রামের নিখোঁজ মো. রিপন মিয়ার পরিবারের।
পরিবার সূত্রে জানা গেছে, সাভারে রানা প্লাজা ধসে জামালপুর সদর উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ছাউনিয়া গ্রামের আজিজুল হকের মেয়ে নুসরাত জাহান রুনা (২৬) ও একই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মো. রিপন মিয়ার (২২) সন্ধান দুই বছরেও মেলেনি।
রুনার মা নুরুন্নাহার বেগম বলেন, ‘যদি মেয়ের লাশটি পেতাম তাহলেও নাতিকে দেখাতে পারতাম, তোর মা এখানে ঘুমিয়ে রয়েছে। ঘটনার কিছুদিন পর প্রিয় মানুষের লাশ পেয়েছেন অনেকেই। সরকারের পক্ষ থেকে টাকাও পেয়েছেন। কিন্তু আমরা কোনো সহায়তাও পাইনি।’
রিপন মিয়ার মা মর্জিনা বেগম জানান, ডিএনএ পরীক্ষা করার পরও এখনো মেলেনি ছেলের সন্ধান।