মেহেরপুরে করোনায় আরও দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাসের প্রতীকী ছবি

মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় দুজন মারা গেছে। আজ বৃহস্পতিবার মেহেরপুর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩০। জেলায় গত দুই দিনে ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র এ তথ্য জানায়।

জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোখলেসুর রহমান বলেন, ১৫ জুন সাহেরা খাতুন এবং আবদুল হান্নান ১০ জুন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে সাহেরা খাতুন এবং ১০টার দিকে আবদুল হান্নান মৃত্যুবরণ করেন। স্বাস্থ্যবিধি মেনে তাঁদের দাফনের নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত এক সপ্তাহে মেহেরপুরে ১৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ৭৩টি নমুনার মধ্যে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এই রিপোর্টটি রাত আটটা পর্যন্ত হালনাগাদ হবে। এদিকে গতকাল বুধবার সকাল থেকে রাত আটটা পর্যন্ত মেহেরপুরে ৬০টি নমুনার মধ্যে ২০ জনের করোনা শনাক্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় ১২ জন, গাংনীতে ৩ জন এবং মুজিবনগরে ৫ জন রয়েছেন। এর মধ্যে বত৴মানে মেহেরপুর জেনারেল হাসপাতালে ২৩ জন করোনা রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া, হিন্দা ও মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রাম লকডাউনের আওতায় রয়েছে। ওই গ্রামগুলোতে দোকানপাট ও যান চলাচল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। রাজশাহীতে করোনা সংক্রমণের হার বেশি থাকায় মেহেরপুর থেকে রাজশাহীগামী বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

সিভিল সার্জন নাসির উদ্দিন জানান, স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শে মানুষকে সচেতন করতে জেলা প্রশাসন প্রতিদিনি ভ্রাম্যমাণ মাইকিংয়ের ব্যবস্থা করেছে। মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নানা প্রচারণা চলছে। কয়েক দিনের মধ্যে করোনার টিকা কার্যক্রম আবারও চালু করা হবে।