মেহেরপুরে কেন্দ্রে ঢুকে নৌকায় সিল মারলেন বহিরাগতরা
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউপির কেন্দ্রগুলোতে দুপুরের পর থেকে জোর করে নৌকা প্রতীকে ভোট নেওয়ার অভিযোগ উঠেছে। বহিরাগতরা এসে একটি কেন্দ্রে ঢুকে ব্যালট পেপারে নৌকায় সিল দিয়ে চলে যান।
উপজেলায় ছয়টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আজ রোববার সকাল থেকে তৃতীয় দফার ভোট গ্রহণ শুরু হয়। বেলা সাড়ে ১২টায় শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত ভোটকেন্দ্রে একদল বহিরাগত ৩ নম্বর বুথে জোর করে প্রবেশ করেন। পরে তাঁরা ব্যালট পেপারে নৌকার পাশে সিল মেরে চলে যান। পরে ওই কেন্দ্রের ভোট গ্রহণ আধা ঘণ্টা বন্ধ থাকে। জেলা প্রশাসনের কর্মকর্তারা ওই ব্যালট জব্দ করে নিজেদের হেফাজতে নেন। ওই কেন্দ্রের মোট ভোটার ২ হাজার ৭৮৮।
৩ নম্বর বুথটি নারী ভোটারদের। ভোটার নারগিছ আক্তার বলেন, একদল বহিরাগত একের পর এক ব্যালটে নৌকা প্রতীকে সিল মেরে চলে যান। এখন নৌকার এজেন্টরা জোর করে টেবিলে সিল মেরে নিচ্ছেন। কিছু বলতে গেলে ধাক্কা দিয়ে কেন্দ্র থেকে বের করে দিয়েছেন। এ কারণে এখন অনেক ভোটার কেন্দ্রে যেতে সাহস পাচ্ছেন না।
কুতুবপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী ইদ্রিস হোসেন। বিদ্রোহী হিসেবে আনারস প্রতীকে নির্বাচন করছেন সেলিম রেজা।
ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবদুল হান্নান বলেন, বহিরাগতদের পুলিশ ও দায়িত্বরত কর্মকর্তারা প্রতিরোধ করতে পারেননি। জেলা প্রশাসন ও জেলা রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়।
বিদ্রোহী প্রার্থী সেলিম রেজা বলেন, নৌকার বহিরাগত কর্মীরা একটি মাইক্রোবাসে করে প্রতিটি কেন্দ্রে গিয়ে নৌকার এজেন্টকে ওপেন সিল মারতে নির্দেশ দিয়ে যাচ্ছেন। এভাবে হতে থাকলে সুষ্ঠু নির্বাচন হবে না।
জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আবু আনছার বলেন, সদর উপজেলার বেশ কয়েকটি ভোটকেন্দ্রে জোর করে একটি বিশেষ প্রতীকে সিল মারার ঘটনার খবর আসে। নির্বাচনে দায়িত্বরত নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে সঙ্গে ওই কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে।
দুই পক্ষের হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়া
গাংনী উপজেলার ধানখোলা ইউপির ২ নম্বর ওয়ার্ডের জুগিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুই প্রতিদ্বন্দ্বী ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
সদস্য প্রার্থী জাকির হোসেনের (ফুটবল প্রতীক) সমর্থক মুরাদ আলী প্রতিদ্বন্দ্বী মফিজুল ইসলামকে (তালা প্রতীক) গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে মফিজুল ইসলামকে লাঞ্ছিত করা হয়। এ ঘটনার জের ধরে বেলা ১১টার দিকে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এতে মফিজুল ইসলামের দুজন সমর্থক আহত হন।
মফিজুল ইসলাম বলেন, জাকির হোসেনের সমর্থকেরা জুগিন্দা মোড়ে দাঁড়িয়ে বাহাগুন্দা গ্রামের ভোটারদের কেন্দ্রে যেতে দিচ্ছেন না।
ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবু রহমান বলেন, কেন্দ্রের বাইরে দুই প্রতিদ্বন্দ্বী ইউপি সদস্যর সমর্থকদের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। তাঁরা কেন্দ্রের বাইরে প্লাস্টিকের চেয়ারগুলো ভাঙচুর করে। পরে পুলিশ ও র্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।