মেহেরপুরে ব্যবসায়ী হত্যায় ছয়জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

মেহেরপুরের গাংনী পৌর শহরের ভিটাপাড়া গ্রামের ইটভাটা ব্যবসায়ী রেজাউল হক খোকন হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ছয় আসামিকে বেকসুর খালাসের আদেশ দেন বিচারক। আজ রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন মেহেরপুরের গাংনী থানা পাড়ার রফিকুল ইসলাম, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসনাবাদ সেন্টার পাড়ার মাহামুদ হাসান, গাংনী উপজেলার হিজলবাড়িয়া মাইলমারি গ্রামের আবদুল জব্বার, হিজলবাড়িয়া গ্রামের বিল্লাল হোসেন, গাংনী পল্লী বিদ্যুৎ সাবস্টেশন পাড়ার আবদুল কাদের ও পূর্ব মালসাদহ গ্রামের হোসেন আলী।

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ১৯ অক্টোবর গাংনী উপজেলার রেজাউল হক তাঁর নতুন ইটভাটার কাজ শুরুর জন্য মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। পরে রাতে তাঁর বাড়ি ফিরতে দেরি হওয়ায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে তৎকালীন গাংনী পৌরসভার ওয়ার্ড কমিশনার আলী আজগরের ইটভাটা থেকে তিন শ গজ দূরে একটি মেহগনিগাছের ডালে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান স্বজনেরা। খবর পেয়ে গাংনী থানার পুলিশ মরদেহ উদ্ধার করে।

ওই হত্যাকাণ্ডের ঘটনায় রেজাউল হকের স্ত্রী হাসিনা বানু বাদী হয়ে ১২ জনের নামে গাংনী থানায় মামলা করেন। ১২ আসামির মধ্যে ৪ জন আসামি আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকার করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা গাংনীর র‍্যাব–৬ উপপরিদর্শক বাবুল আদালতে ১২ জনের নামে অভিযোগপত্র দাখিল করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত সরকারি কৌঁসুলি কাজি শহীদ এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী মিয়াজান আলী, ইব্রাহিম শাহীন, শফিকুল আলম ও রমজান আলী।