মেহেরপুরে রডের আঘাতে ভ্যানচালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

ব্যক্তিগত উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজারে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে গতিরোধক দেওয়াকে কেন্দ্র করে মারামারির সময় রডের আঘাতে ভ্যানচালক নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ভ্যানচালকের নাম আবুল বাসার (৭০)। তিনি আমঝুপি গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা।

নিহত ব্যক্তির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আমঝুপি বাজারের প্রবেশপথে সম্প্রতি ইট-বালু দিয়ে ব্যক্তি উদ্যোগে গতিরোধক তৈরি করেন নিহত আবুল বাসার মোল্লার ছেলে সালাউদ্দীন মোল্লা। সেখানে তাঁর একটি মুদিদোকান আছে। আজ বুধবার একটি কোম্পানির কোমল পানীয় বহন করা গাড়ি দ্রুতগতিতে যাওয়ার সময় ওই গতিরোধকের কারণে দুর্ঘটনায় পড়তে যাচ্ছিল। এ সময় কোম্পানিটির বিপণন কর্মকর্তা সরকারি সড়কে ব্যক্তি উদ্যোগে গতিরোধক দেওয়াকে কেন্দ্র করে সালাউদ্দীন মোল্লার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। একপর্যায়ে দুজনের মধ্যে মারামারি বাধে। একে অপরকে রড ও বাঁশ দিয়ে আঘাত করেন। ছেলেকে মার খেতে দেখে বাবা আবুল বাসারও বিপণন কর্মকর্তাকে প্রতিহত করতে এগিয়ে আসেন। এ সময় আবুল বাসারের মাথায় রোডের আঘাত লাগে। স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করান। ভর্তির এক ঘণ্টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। প্রাথমিকভাবে অভিযুক্ত বিপণন কর্মকর্তার পরিচয় জানা যায়নি। তিনি পলাতক আছেন।

নিহত আবুলের ছেলে সালাউদ্দীন মোল্লা বলেন, ‘সড়কের ওপরে অস্থায়ী একটি গতিরোধক দেওয়াকে কেন্দ্র করে ওই বিপণন কর্মকর্তার সঙ্গে গন্ডগোল বাধে। ক্ষুব্ধ হয়ে বিপণন কর্মকর্তা গাড়িতে থাকা লোহার রড বের করে আমাকে বেধড়ক পেটাতে থাকেন। আমার বাবা গন্ডগোল ঠেকাতে এসে রডের আঘাতে মারা গেছেন।’

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে মারামারি করার সময় যেসব জিনিস ব্যবহার করা হয়েছে, সেসব জব্দ করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মর্গে। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িত বিপণন কর্মকর্তা ও তাঁর গাড়িচালককে ধরতে পুলিশ কাজ করছে।