মেহেরপুরে স্বামী–স্ত্রীকে গাছে বেঁধে মোটরসাইকেল ও সোনার চেইন ছিনতাই
মেহেরপুরের গাংনী উপজেলায় স্বামী–স্ত্রীকে গাছে বেঁধে মোটরসাইকেল ও সোনার চেইন ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া চিৎলা সড়কে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আরমান শেখ প্রথম আলোকে বলেন, ‘স্ত্রী–সন্তান নিয়ে গাংনী উপজেলা শহর থেকে গ্রামের বাড়িতে ফিরছিলাম। মফিজুল ইসলামের ইটভাটার সামনে আমবাগানের কাছে পৌঁছানোমাত্রই আগে থেকে ওত পেতে থাকা ছয়–সাতজনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল আমাদের গতি রোধ করে। পরে আমাকে ও আমার স্ত্রীকে আমবাগানের মধ্যে নিয়ে গাছের সঙ্গে বেঁধে ফেলে। এরপর আমার মুঠোফোন, স্ত্রী মিরার গলার সোনার চেইন ও দুল এবং মোটরসাইকেল নিয়ে তারা পালিয়ে যায়। আমাদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা আমাদের উদ্ধার করেন।’
স্থানীয় বাসিন্দা রফিক মিয়া জানান, ‘আমরা ওই দম্পতির চিৎকার শুনে সেখানে যাই। তারপর পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে নিয়ে যায়।’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।