মোটরসাইকেল চোর ধরতে সিলেটে অভিযান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরে মোটরসাইকেল চোর ধরতে অভিযান শুরু করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯) একটি বিশেষ দল। গত শুক্রবার রাতে অভিযান চলাকালে নগরের জালালাবাদ আবাসিক এলাকা থেকে নাবিল রাজা (২৯) নামের এক যুবককে আটক করা হয়েছে।

র‌্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কোতোয়ালি থানা এলাকার আম্বরখানা, দরগাগেট, রিকাবীবাজার, আলিয়া মাদ্রাসা রোড, সুবিদবাজার পয়েন্ট ও বিমানবন্দর থানা এলাকার আম্বরখানা পয়েন্ট থেকে বিমানবন্দর রোড পর্যন্ত সন্ত্রাসী ঘটনা, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কাজের মূল হোতা নাবিল রাজা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ইতিপূর্বে বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছেন নাবিল। জিজ্ঞাসাবাদে নাবিল রাজা মোটরসাইকেল চোর চক্রসহ ওই সব এলাকায় সন্ত্রাসী কার্যকলাপের ব্যাপারে তথ্য দিয়েছেন। নাবিলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাঁকে বিমানবন্দর থানা-পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।

র‌্যাব ও পুলিশ সূত্র জানায়, নগরের কেন্দ্রস্থলের বিভিন্ন এলাকাসহ আম্বরখানা, সুবিদবাজার, পাঠানটুলা ও আখালিয়া এলাকা থেকে সম্প্রতি মোটরসাইকেল চুরি অস্বাভাবিকভাবে বেড়েছে। গত প্রায় এক মাসে পাঠানটুলা মোড় থেকে চারটি মোটরসাইকেল চুরি হয়।