পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হয়েছেন চারজন। তাঁদের মধ্যে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রার্থী এসএসসি পাস। আছেন স্বশিক্ষিত, অষ্টম শ্রেণি, নবম শ্রেণি পাস প্রার্থীও।
ভোটাররা বলছেন, পর্যটনকেন্দ্র কুয়াকাটার উন্নয়নে দরকার উচ্চশিক্ষিত মেয়র। যার জন্য রাজনৈতিক দলগুলোকে প্রার্থী বাছাইয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন ভোটাররা। কেউ কেউ আবার আইন করে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে দেওয়ার দাবিও জানিয়েছেন।
পৌর নির্বাচন উপলক্ষে মেয়র পদে মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র আবদুল বারেক মোল্লার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা নবম শ্রেণি। বিএনপির প্রার্থীর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এসএসসি। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. নুরুল ইসলাম মুসুল্লী শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন স্বশিক্ষিত। স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হাওলাদার অষ্টম শ্রেণি পাস।
পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা এবং পর্যটন ব্যবসায়ী রুম্মান ইমতিয়াজ বলেন, ‘আমরা শিক্ষিত প্রার্থী চাইলেও পাচ্ছি না তো। দলগুলোতে শিক্ষিত লোক আছে। মনোনয়ন থেকে তাঁরা বঞ্চিত হয়েছেন। পর্যটনবান্ধব এ পৌরসভার জন্য একজন শিক্ষিত জনপ্রতিনিধির কোনো বিকল্প নেই।’
জনপ্রতিনিধি হওয়ার জন্য শিক্ষিত লোক দরকার। এটা খুঁজতে হবে রাজনৈতিক দলগুলোকে।
মুসুল্লীয়াবাদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মো. সাইদুর রহমান বলেন, ‘শিক্ষিত লোক জনপ্রতিনিধি হলে কুয়াকাটা পৌরসভার সার্বিক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিতে পারবে। আগামী দিনগুলোতে শিক্ষিত জনপ্রতিনিধি পাব বলে মনে করি।’
বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সম্মান শ্রেণির ছাত্র মোহাম্মদ শামীম বলেন, ‘কুয়াকাটা পৌর এলাকায় ওইভাবে শিক্ষিত লোক নাই। তা ছাড়া যাঁরাও আছেন, তাঁদের মধ্যে রাজনীতিতে পরিপক্বতা আসেনি। তারপরও আমরা মনে করি, জনপ্রতিনিধি হওয়ার জন্য শিক্ষিত লোক দরকার। এটা খুঁজতে হবে রাজনৈতিক দলগুলোকে।’
পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং সরকারি বরিশাল বিএম কলেজের মাস্টার্স শ্রেণির ছাত্র মো. আসাদুজ্জামান মিরাজ বলেন, জনপ্রতিনিধি যাঁরা হবেন, তাঁদের শিক্ষিত হওয়া উচিত। এ ক্ষেত্রে সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে। সরকার একটি শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে দিলে এ সমস্যার সহজ সমাধান হয়ে যায়। তখন কম শিক্ষিত লোকজনের মেয়র বা কাউন্সিলর পদে দাঁড়ানোর সুযোগ থাকবে না।
স্কুল-কলেজের শিক্ষাই শুধু শিক্ষা নয়। বাস্তব অভিজ্ঞতা বা দক্ষতা দিয়ে এ পৃথিবীকে বহু মানুষ আলোকিত করেছে। এর হাজারো প্রমাণ আছে।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) কলাপাড়া উপজেলা শাখার সভাপতি শামসুল আলম বলেন, কুয়াকাটা একটি পর্যটন এলাকা। এখানে দেশি-বিদেশি বহু মানুষ ঘুরতে আসেন। কুয়াকাটার উন্নয়নসহ নানা বিষয় দেখভাল করতে হবে নির্বাচিত জনপ্রতিনিধিকে। রাজনৈতিক দলগুলোকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে এসব বিষয় ভেবে দেখতে হবে।
তবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল বারেক মোল্লা মনে করেন, স্কুল-কলেজের শিক্ষাই শুধু শিক্ষা নয়। বাস্তব অভিজ্ঞতা বা দক্ষতা দিয়ে এ পৃথিবীকে বহু মানুষ আলোকিত করেছে। এর হাজারো প্রমাণ আছে। তিনি বলেন, ‘লতাচাপলী ইউনিয়ন পরিষদের ১৪ বছর চেয়ারম্যান ছিলাম। তা ছাড়া আমি তো বিগত পাঁচ বছর ধরে মেয়র হিসেবে দায়িত্ব পালন করছি। মেয়রের সব কাজকর্ম অত্যন্ত দক্ষতার সঙ্গে সম্পাদন করেছি। এতে আমার কোনো অসুবিধা হয়নি।’
বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল আজিজ বলেন, ‘আমি লেখাপড়া জানি না তা নয়। আমি একসময় শিক্ষকতা করেছি। লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রাক্কালে শিক্ষকতা পেশা ছেড়ে দিই। দীর্ঘ ১৫ বছর যোগ্যতা এবং দক্ষতা দিয়েই চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি।’ মেয়র নির্বাচিত হলে দক্ষতার সঙ্গেই কাজ করতে পারবেন বলে মনে করেন তিনি।