মেয়র প্রার্থীর ওপর হামলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধনবাড়ী পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী এস এম এ ছোবহান তাঁর সমাবেশে নৌকার স্লোগান দিয়ে হামলার অভিযোগ করেন। আজ সোমবার টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এই অভিযোগ করেন
প্রথম আলো

টাঙ্গাইলের ধনবাড়ীতে পৌরসভা নির্বাচনে নৌকার স্লোগান দিয়ে বিএনপির মনোনীত মেয়র প্রার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় বিএনপির মেয়র প্রার্থী এস এম এ ছোবহানসহ অন্তত ১০ জন আহত হন। এ ছাড়া হামলাকারীরা ৪ শতাধিক চেয়ার, ১০টি মোটরসাইকেল ও একটি জিপগাড়ি ভাঙচুর করে।

আজ সোমবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন এস এম এ ছোবহান। ছোবহান ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি। লিখিত বক্তব্যে তিনি বলেন, গতকাল রোববার সন্ধ্যায় ধনবাড়ীর নওয়াব ইনস্টিটিউট প্রাঙ্গণে বিএনপির উদ্যোগে নির্বাচন উপলক্ষে কমিটি গঠনের জন্য যান তাঁরা। এর একটু পরই ৪০ থেকে ৫০ জন লোক নৌকার স্লোগান দিয়ে তাঁদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালান। এ সময় লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে তাঁকেসহ (ছোবহান) নেতা-কর্মীদের আহত করা হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ধনবাড়ী থানা ও নির্বাচন কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সহসভাপতি আতাউর রহমান, সাদেকুল আলম, খন্দকার আনিসুর রহমান, যুগ্ম সম্পাদক খন্দকার রাশেদুল আলম, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান, জেলা যুবদলের আহ্বায়ক আশরাফ পাহেলী, ধনবাড়ী পৌরসভার সাবেক মেয়র হাবিবুল্লাহ ফকির প্রমুখ।

প্রসঙ্গত, আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে ধনবাড়ী পৌরসভার নির্বাচন হবে। এতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র খন্দকার মঞ্জুরুল ওরফে তপন। দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী কিসলু, উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান বকল।