মেয়র প্রার্থীর পক্ষে ভোট চাইলেন তিন সাংসদ, প্রার্থিতা প্রত্যাহারে স্বতন্ত্র প্রার্থীকে চাপ
নাটোর পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে মেয়র প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন তিন সাংসদ। গতকাল শনিবার রাতে শহরের কান্দিভিটুয়া এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পৌর আওয়ামী লীগের নির্বাচন প্রস্তুতি সভায় তাঁরা দলীয় প্রার্থীর উপস্থিতিতে ভোটারদের কাছে ভোট চান। পরে তাঁরা শতাধিক নেতা-কর্মী নিয়ে স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে গিয়ে তাঁর প্রার্থিতা প্রত্যাহারের জন্য চাপাচাপি করেন।
জেলা আওয়ামী লীগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবারের সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সাংসদ আবদুল কুদ্দুস, সাধারণ সম্পাদক নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সাংসদ শফিকুল ইসলাম, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ও নাটোর জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রত্না আহমেদ উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও স্বতন্ত্র প্রার্থী সাজেদুল আলম চৌধুরী বলেন, ‘১০০-১৫০ জন নেতা-কর্মী আমার কাছে এসেছিলেন। আমাকে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য নানাভাবে বলেছেন। আমি মনোনয়নপত্র প্রত্যাহার করব না বলে জানিয়ে দিয়েছি। আমি নৌকার বিপক্ষে ভোটে দাঁড়াইনি। নৌকার জন্য যাঁকে প্রার্থী করা হয়েছে, তিনি অযোগ্য ব্যক্তি। গত পাঁচ বছরে তাঁর মধ্যে শুধু ব্যর্থতা দেখেছি। তাই আওয়ামী লীগকে জয়ী করার জন্য নিজে প্রার্থী হয়েছি। মনোনয়ন প্রত্যাহার করার কোনো ইচ্ছা আমার নেই।’
আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে নাটোর-২ আসনের সাংসদ শফিকুল ইসলাম বলেন, দলীয় কার্যালয়ের মধ্যে সভা করা ও ভোট চাওয়াতে আচরণবিধির লঙ্ঘন হবে না।
জেলা নির্বাচন কর্মকর্তা ও নাটোর পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আছলাম বলেন, তফসিল ঘোষণার পর কোনো সাংসদ নির্বাচনী সভায় অংশ নিতে পারবেন না বা ভোট চাইতে পারবেন না। এটা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। কেউ অভিযোগ দিলে বা বিষয়টি জনসম্মুখে এলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
‘প্রতীক বরাদ্দের আগে ভোট চাইতে আমাদের কোনো বাধা নেই। দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের কাছে ভোট চাইতে বাধা নেই’ বলে মন্তব্য করেন সাংসদ আবদুল কুদ্দুস।
এ বিষয়ে জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, নির্বাচনী এলাকার মধ্যে যদি সাংসদেরা নির্বাচনী সভায় যোগ দিয়ে ভোট চেয়ে থাকেন, তাহলে অবশ্যই তাঁরা আচরণবিধি লঙ্ঘন করেছেন। রিটার্নিং কর্মকর্তার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাংসদ রত্না আহমেদ বলেন, ‘আচরণবিধি লঙ্ঘন হয়েছে কি না, জানি না। তবে স্বাভাবিক নিয়মে দলীয় কার্যালয়ে দলীয় সভায় উপস্থিত হয়ে ভোট চাইতে হয়েছে।’
১৬ জানুয়ারি নাটোর পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।