মেয়র হতে সিলেটে প্রার্থী দেয়নি জামায়াত: অলি আহমেদ

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র হওয়ার জন্য প্রার্থী দেয়নি জামায়াতে ইসলামী। দলের কর্মীদের ঐক্যবদ্ধ করতে প্রার্থী দিয়েছে। এমনটাই মনে করেন ২০ দলীয় জোটের নেতা ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ।
আজ বুধবার সিলেটের কাজীটুলা উচা সড়ক এলাকায় বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর প্রধান নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ এ নেতা। তিনি বলেন, নির্বাচনে অংশ নেওয়ার জন্য জামায়াতের লক্ষ্য পূরণ হয়ে গেছে। তাদের উচিত প্রার্থিতা প্রত্যাহার করে জোটের প্রার্থীর পক্ষে থাকা।
কর্নেল অলি বলেন, জামায়াত মাঠে থাকলে জোটের প্রার্থীর ভোটে ক্ষতি হবে। এই পর্যায়ে জোটের অনৈক্য জাতীয় পর্যায়ে ফাটল বাড়াতে পারে বলেও মন্তব্য করেন তিনি। জামায়াত বিএনপির পাশে দাঁড়াবে বলেও তিনি আশা করেন।
সংবাদ সম্মেলনে অলি আহমদ বলেন, ১৯ দল ঐক্যবদ্ধভাবে আরিফুল হক চৌধুরীকে প্রার্থী করেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে আরিফুল হক চৌধুরীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
আরিফুল হককে ত্যাগী, নির্যাতিত নেতা উল্লেখ করে অলি আহমদ বলেন, ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক দিক বিবেচনা করে তাঁকে ভোট দেওয়া।
খুলনা ও গাজীপুরের নির্বাচনের পর থেকে সরকারকে মানুষ বিশ্বাস করে না মন্তব্য করে এলডিপি চেয়ারম্যান বলেন, সিলেটেও গ্রেপ্তার অভিযান শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশন সরকারের অঙ্গ সংগঠন হিসেবে কাজ করছে। এখন মানুষ বিশ্বাস করে ভোট দিনে হয় না রাতে হয়।
সরকারকে মানুষের আস্থা অর্জনের পরামর্শ দিয়ে অলি আহমদ বলেন, আমরা আশা করব সরকার নমনীয় থাকবে। তিন সিটিতে সুষ্ঠু নির্বাচন না হলে বিএনপি জাতীয় নির্বাচনে যাবে না-বিএনপির এ ঘোষণার কথা সরকারকে মনে করিয়ে দিয়ে অলি আহমদ বলেন, সরকারকে অধৈর্য হলে চলবে না। তিনটি সিটি নির্বাচনে সরকারি দলের প্রার্থী বিজয়ী না হলে সরকারের কিছু যাবে আসবে না। কিন্তু মানুষের আস্থা আরও নষ্ট হবে।
গত কয়েক বছরে সরকার অনেক ভালো কাজ করেছে মন্তব্য করে অলি আহমদ বলেন, কিন্তু মানুষ তাদের বিশ্বাস করে না। সিলেটের মানুষের আস্থা ফেরাতে গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তি দেওয়ার আহ্বান জানান তিনি।
আরিফুল হক চৌধুরী সিলেটের মেয়র থাকার সময় সিটির অনেক উন্নয়ন করেছেন উল্লেখ করে অলি আহমদ বলেন, ‘এত বৃষ্টির পরও সিলেটের সড়কে পানি নেই। আরিফুলের উন্নয়নকাজে সরকার সহায়তা করেছে। তাই বলে এটা তাদের মেহেরবানি নয়।’
সিলেটের বিএনপি নেতা কর্মীসহ জোটের সবাইকে এবং সাধারণ ভোটারদের ঐক্যবদ্ধভাবে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি। বলেন, ‘কাপুরুষের মতো করলে চলবে না। নিরাপদে ভোট কেন্দ্রে যাবেন। ইচ্ছে অনুসারে ভোট দেবেন।