মেয়রের দিকে তাকিয়ে ধর্মঘট ডাকা নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালিক-শ্রমিকদের একাংশের ডাকা পরিবহন ধর্মঘট গতকালও অব্যাহত ছিল। নানা কাজে ঘর থেকে বের হওয়া মানুষ গাড়ি না পেয়ে দুর্ভোগে পড়ে। ছবিটি সকাল সাড়ে নয়টায় চট্টগ্রাম নগরের এ কে খান এলাকা থেকে তোলা l জুয়েল শীল
মালিক-শ্রমিকদের একাংশের ডাকা পরিবহন ধর্মঘট গতকালও অব্যাহত ছিল। নানা কাজে ঘর থেকে বের হওয়া মানুষ গাড়ি না পেয়ে দুর্ভোগে পড়ে। ছবিটি সকাল সাড়ে নয়টায় চট্টগ্রাম নগরের এ কে খান এলাকা থেকে তোলা l জুয়েল শীল

পুলিশি হয়রানি বন্ধসহ ১১ দফা দাবিতে চট্টগ্রাম মেট্রো গণপরিবহন মালিক সংগ্রাম পরিষদের পরিবহন ধর্মঘট অব্যাহত আছে। গতকাল সোমবার দিনভর ধর্মঘট চললেও প্রত্যাহারের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি সংগঠনটি। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা। আজ মঙ্গলবার বিকেলে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

ধর্মঘটের দ্বিতীয় দিন গতকাল সোমবার সকালের দিকে নগরের সড়কগুলোতে স্বাভাবিক সময়ের তুলনায় গণপরিবহনের সংখ্যা ছিল কম। এতে অফিসগামী লোকজন বিপাকে পড়েন। এ ছাড়া দুর্ভোগ পোহাতে হয়েছে কর্মজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে। অবশ্য দুপুরের পর গাড়ির সংখ্যা বাড়তে থাকে।

আগ্রাবাদ এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সোহরাব হাসান গতকাল সকালে বলেন, সকালে খুব কম বাস চলাচল করে। গাড়ির জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। এরপরও যেসব বাস আসে তা ছিল যাত্রীভর্তি। তাঁর মতো দুর্ভোগে পড়েন নগরের মুরাদপুর এলাকার বাসিন্দা ও চাকরিজীবী আবদুল হামিদ। বাস না পাওয়ায় সিএনজিচালিত অটোরিকশা করে কর্মস্থলে যেতে হয়েছে। 

পরিষদের অন্য উল্লেখযোগ্য দাবিগুলো হচ্ছে অবৈধ পরিবহন সংগঠন নিষিদ্ধ ও ফিটনেসবিহীন গাড়ি বন্ধ করা। পরিষদের আহ্বায়ক বেলায়েত হোসেন বলেন, ধর্মঘটের ব্যাপারে মেয়রের সঙ্গে মুঠোফোনে কথা হয়েছে। তিনি সমস্যা সমাধানে ত্রিপক্ষীয় বৈঠক করবেন বলে জানিয়েছেন।

এদিকে গতকাল নগরের আগ্রাবাদে পরিষদের কার্যালয়ে ধর্মঘট নিয়ে সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করে সংগঠনটি। ওই সময় পরিষদের নেতারা জানান, দাবি আদায়ের লক্ষ্যে তাঁরা ধর্মঘট করেছেন। দাবির বিষয়ে কোনো সুরাহা না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।